জামালপুরে মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবিতে অবরোধ

· Prothom Alo

জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন জানান, মালঞ্চ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এলাকাটি ঝুঁকিপূর্ণ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা সড়কে নেমেছেন। অবরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Visit livefromquarantine.club for more information.

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাইশা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া সেখানে ছোট-বড় দুর্ঘটনা নিয়মিত ঘটছে। এসবের প্রতিবাদে আজ সকাল থেকে এলাকাবাসী মহাসড়কে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তাঁরা সড়কে বসে পড়েন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ইউএনও জিন্নাতুল আরা মুঠোফোনে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক স্থাপনের আশ্বাস দেন। পরে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও জিন্নাতুল আরা প্রথম আলোকে বলেন, স্থানীয় মানুষের দাবি বিবেচনায় গতিরোধক স্থাপনের ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। এ বিষয়ে আলোচনা করতে আগামী রোববার স্থানীয় বাসিন্দাদের কয়েকজনকে তাঁর কার্যালয়ে ডাকা হয়েছে।

Read full story at source