গাজীপুরে বনের ধারে পড়ে ছিল তরুণের পোড়া লাশ
· Prothom Alo

বনের ভেতর দিয়ে চলে গেছে আঞ্চলিক সড়ক। সড়কের পাশেই পড়ে ছিল গলায় দড়ি বাঁধা আগুনে পোড়া তরুণের মরদেহ। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় সড়কের পাশে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ আসে।
Visit asg-reflektory.pl for more information.
সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, এমসি বাজার-বরমী সড়কের বৃন্দাবন চৌরাস্তার পূর্ব দিকে সড়ক লাগোয়া স্থানে যুবকের পোড়া দেহ পড়ে আছে। গলায় দড়ি প্যাঁচানো। বিবস্ত্র মরদেহটির বেশির ভাগ পুড়ে গেছে। তবে মুখাবয়ব কিছুটা অক্ষত আছে। সেখানে উৎসুক জনতা ভিড় করেছেন। তবে কেউ তাঁর পরিচয় বলতে পারেননি।
সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে মরদেহ পড়ে থাকার খবর পান তেলিহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শরীফ মিয়া। তিনি বলেন, স্থানীয় একজন তাঁকে ফোন করে মরদেহ পড়ে থাকার খবর জানান। ঘটনাস্থলে এসে দেখেন ২৫ থেকে ৩০ বছর বয়সী এক তরুণের মরদেহ পড়ে আছে। পরে তিনি শ্রীপুর থানায় খবর দেন।
স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম শাহজাহান প্রথম আলোকে বলেন, স্থানীয় এক ব্যক্তি জমিতে সেচ দেওয়ার জন্য এসে প্রথমে লাশটি দেখতে পান।
ওই এলাকার আরেক বাসিন্দা মো. ইসমাইল হোসেন বলেন, লাশ দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে ওই তরুণকে হত্যা করেছে। পরিচয় গোপন করতে হয়তো আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) এ বি এম রুহুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২০ থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত তরুণের মরদেহ দেখতে পাই। তার গলায় দড়ি বাঁধা। কেউ তাঁকে চিনতে পারছে না।’