সৈনিকের সঙ্গে নিরুত্তর সংলাপ
· Prothom Alo

যুদ্ধফেরত তরুণের কাছ থেকে একটি রক্তগোলাপ
হাতে নেওয়ার সময় তরুণী বলে ওঠে—
সৈনিক কিংবা শাসক হওয়ার আগে
মানুষ হওয়া ঢের ভালো, এই ছিল সংক্ষিপ্ত আলাপ।
তরুণের কাছে কোনো প্রত্যুত্তর নেই, আছে দুরবিন
সবুজ পাতার আড়ালে কোথাও হয়তো
ওত পেতে বসে আছে বিধ্বংসী কাছিম গতির দিন
সুযোগ কোথায়, তার সঙ্গে বহুদিন পর দ্বিরালাপ।
Visit raccoongame.org for more information.
পাহাড়ের হিম কনকনে ঘ্রাণ যদি আজীবন বয়ে যায়
লতানো গাছের দড়ি বেয়ে টিলা থেকে অন্য টিলায়,
যারা ওত পেতে বসে থাকে শিকার ও শিকারি হয়ে
তাদের শরীর বেয়ে নেমে আসে শিহরণ, অচেনা সাপ।
তরুণী আবার বলে ওঠে আদতে তুমি কী চাও?
খনিজ লবণ নাকি কর্দমাক্ত শরীরের লোনা ঘাম
তরুণ কী উত্তর দেবে, নির্ঘুম বহু রাত পেরিয়ে এসে
কানে তখনো বাজছিল সহযোদ্ধার মৃত্যুপ্রলাপ।
লাল কাঁকড়ার দংশনে আহত একটি সমুদ্রতীর
বুকপকেটে বয়ে এনেছিল দেখাবে বলে জলের
নগ্ন শরীর, কোথায় সমাপ্ত নিঃসঙ্গ বেলা—অস্থির
এইখানে এইভাবে শেষ হয় দুজনের নিরুত্তর সংলাপ।