মার্কিন সেনাদের বলা হয়েছিল—ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ’
· Prothom Alo

মার্কিন সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে সম্পৃক্ততাকে জায়েজ করতে সেনাদের সামনে বাইবেলে বর্ণিত ‘শেষ জমানা’ সংক্রান্ত চরমপন্থী খ্রিষ্টান বয়ান তুলে ধরছেন। একটি পর্যবেক্ষণকারী সংস্থার কাছে জমা পড়া অভিযোগ থেকে এমন খবর জানা গেছে।
Visit milkshakeslot.com for more information.
যুক্তরাষ্ট্রভিত্তিক মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) জানিয়েছে, তারা নৌবাহিনী (মেরিন), বিমানবাহিনী, স্পেস ফোর্সসহ সশস্ত্র বাহিনীর সব শাখা থেকে ২০০টির বেশি অভিযোগ পেয়েছে।
ইরানের বিরুদ্ধে ‘যেকোনো মুহূর্তে’ অভিযানে অংশ নিতে পারে, এমন একটি ইউনিটের নন-কমিশনড অফিসার (এনসিও) এমন অভিযোগ করেছেন। দ্য গার্ডিয়ানের দেখা ওই অভিযোগে তিনি জানান, তাঁদের কমান্ডার সেনাসদস্যদের বলতে নির্দেশ দিয়েছেন—এই যুদ্ধ ‘ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ’। কমান্ডার সুনির্দিষ্টভাবে বাইবেলের একটি অংশের উদ্ধৃতি দিয়ে আর্মাগেডন (চূড়ান্ত মহাযুদ্ধ) এবং যিশুখ্রিষ্টের আসন্ন প্রত্যাবর্তনের কথা উল্লেখ করেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘তিনি (কমান্ডার) বলেছিলেন, যিশুখ্রিষ্ট স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন, যেন তিনি ইরানে যুদ্ধের আগুন জ্বালিয়ে আর্মাগেডন শুরু করেন এবং এর মাধ্যমে পৃথিবীতে যিশুর প্রত্যাবর্তন নিশ্চিত হয়।’
ওই কর্মকর্তা মোট ১৫ জন সেনাসদস্যের পক্ষে এই অভিযোগ দাখিল করেছেন। তাঁদের মধ্যে ১১ জন খ্রিষ্টান, একজন মুসলিম এবং একজন ইহুদি ধর্মাবলম্বী রয়েছেন। এমআরএফএফ অভিযোগটি প্রথমে স্বাধীন সাংবাদিক জোনাথন লারসেনকে জানান।
এমআরএফএফের প্রেসিডেন্ট ও বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মাইকি ওয়াইনস্টাইন গার্ডিয়ানকে বলেন, ‘ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যখনই মধ্যপ্রাচ্যে কোনোভাবে যুক্ত হয়, তখনই আমাদের সরকারের এবং বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া এই খ্রিষ্টান জাতীয়তাবাদী গোষ্ঠীর তৎপরতা আমাদের নজরে আসে।’
ওয়াইনস্টাইন যোগ করেন, ‘সামরিক বাহিনীর সদস্যরা আসলে নিজেদের হয়ে রুখে দাঁড়াতে পারেন না। কারণ, আপনার সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা আর স্টারবাকসের শিফট ম্যানেজার এক নন।’
এক বিবৃতিতে ওয়াইনস্টাইন উল্লেখ করেন, এসব প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে খ্রিষ্টান উগ্রবাদ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তিনি জানান, অভিযোগকারীরা তাঁদের ‘কমান্ডারদের অবাধ উল্লাসের’ কথা জানিয়েছেন। ওই কমান্ডাররা মনে করেন, এই যুদ্ধ ‘বাইবেল দ্বারা অনুমোদিত’ এবং এটি নিশ্চিতভাবেই কট্টরপন্থী খ্রিষ্টানদের বহু প্রতীক্ষিত ‘শেষ জমানা’ অতি দ্রুত ঘনিয়ে আসার এক অনিবার্য লক্ষণ।
ওয়াইনস্টাইন বলেন, এসব অভিযোগ গির্জা (ধর্ম) ও রাষ্ট্রের পৃথক্করণের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ খ্রিষ্টান জাতীয়তাবাদের সমর্থক হিসেবে পরিচিত। তিনি এর আগে ‘স্বায়ত্তশাসিত পরিমণ্ডল’ মতবাদকে সমর্থন করেছিলেন, যা মূলত উগ্র ধর্মবিশ্বাস থেকে উদ্ভূত। এই দর্শন সমকামিতার জন্য মৃত্যুদণ্ড এবং পরিবার ও গির্জায় কঠোর পুরুষতান্ত্রিক শাসনের পক্ষে কথা বলে।
এসব অভিযোগের বিষয়ে পেন্টাগনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তারা সরাসরি কোনো উত্তর দেয়নি। এর বদলে তারা ইরানের অভিযান নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কিছু প্রকাশ্য আলোচনার ভিডিও পাঠিয়েছে।