ইরানের সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে বন্ধ হচ্ছে ব্যাংকসহ বহুজাতিক কোম্পানির কার্যালয়

· Prothom Alo

ইরানের সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বৈশ্বিক ব্যাংক, পরামর্শক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোর কার্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে তারা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও আর্থিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। তাদের এই সতর্কবার্তার পর বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ঝুঁকি নেয়নি।

Visit fish-roadgame.online for more information.

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের অবকাঠামোর ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা হতে পারে। খবর সিএনবিসি টিভি ১৮।

এ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। গত কয়েক বছরে নতুন বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের উত্থান হয়েছে। বিশ্বের বড় বড় ব্যাংক ও পেশাদার সেবা প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক কার্যালয় আছে সেখানে।

মার্কিন ব্যাংক সিটি গ্রুপ তাদের দুবাই কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে। কর্মীদের পাঠানো নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বাসা থেকে কাজ করবেন। ব্যাংকটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা চালু রাখার বিকল্প পরিকল্পনাও করা হচ্ছে।

বার্তা সংস্থা এপির তথ্যানুযায়ী, পরিবর্তিত পরিস্থিতির কারণে সিটি গ্রুপ সংযুক্ত আরব আমিরাতে একটি ছাড়া বাকি সব শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরেক বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ডও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। যদিও যোগাযোগ করা হলে ব্যাংকটির মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আরেক বহুজাতিক ব্যাংক এইচএসবিসি কাতারে তাদের সব শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। গ্রাহকদের পাঠানো নোটিশে বলা হয়েছে, কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি দুবাইয়ের আর্থিক এলাকায় তাদের কার্যালয় খালি করে দিয়েছে।

পিডব্লিউসি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে, যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত তাদের সব কার্যালয় আপাতত বন্ধ রাখা হবে।

এদিকে ইরানের সামরিক কমান্ড আরও বলেছে, শত্রুপক্ষ তাদের এমন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে হামলা করার পূর্ণ স্বাধীনতা পেয়েছে তারা।

এ কারণে ইরানি কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাধারণ মানুষকে সম্ভাব্য লক্ষ্যবস্তু থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

একই সময়ে প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলো, যেমন মেটা, গুগল, অ্যামাজন ও এনভিডিয়া দুবাই, ইসরায়েল, কুয়েত, বাহরাইন ও তুরস্কে তাদের কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

Read full story at source