‘এক পাম্প থেকে আরেক পাম্পে যেতেই হাফ লিটার তেল যায়’
· Prothom Alo

‘এক পাম্প থেকে আরেক পাম্পে যেতেই তো তেল চলে যায় হাফ লিটারের মতো। আবার পাম্পে দাঁড়িয়ে থাকা, এভাবে দিলে তো সারা দিন তেলের জন্য পাম্পেই দাঁড়িয়ে থাকতে হবে।’
রাজধানীর রাজারবাগ ফিলিং স্টেশনে তেল নিতে আসা জাকিরুল ইসলাম নামের এক মোটরসাইকেলচালক এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছেন। এখনো তেল নিতে পারেননি।
Visit amunra.qpon for more information.
দুপুর সাড়ে ১২টার সময় গিয়ে দেখা যায়, প্রতিটি মোটরসাইকেলকে ২০০ টাকার অকটেন দেওয়া হচ্ছে। আর ডিজেল দেওয়া হচ্ছে ৫০০ টাকা করে।
রাজধানীর মগবাজারে মইন মোটরস ফিলিং স্টেশনে বেলা একটার সময় গিয়ে দেখা যায়, অকটেন নেই। ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ১১ মার্চ সর্বশেষ তাঁরা সাড়ে ৪ হাজার লিটার অকটেন পেয়েছিলেন। তিনি বলেন, ‘সপ্তাহে এক–দুই দিন তেল পাই। সরকার বলছে, পর্যাপ্ত তেল আছে; কিন্তু আমরা পাচ্ছি না কেন?’
তবে মইন মোটরস ফিলিং স্টেশন বন্ধ ছিল। দুই মাস ধরে চালু হয়েছে বলে জানান মিজানুর রহমান। নতুন করে চালু হওয়ায় তেল কম পাচ্ছেন বলে ধারণা করছেন তিনি।
তিন দিন ধরে তেল নেই ব্যানার ঝুলতে দেখা যায় রাজধানীর পরীবাগের পূর্বাচল ট্রেডার্স নামে ফিলিং স্টেশনটিতে। এই স্টেশনের ক্যাশিয়ার মো. জাফর জানান, মাসে যে পরিমাণ তেল তাঁরা ডিপো থেকে পেতেন, সে আলোকে তেল দেওয়া হচ্ছে। আগে তেলের চাহিদা কম থাকায় দুই থেকে তিন দিন বিক্রি করতে পারতেন, এখন চাহিদা বেশি থাকায় এক দিনেই সে তেল বিক্রি হয়ে যাচ্ছে। ফলে বাকি দিনগুলোতে তাঁরা তেল বিক্রি করতে পারছেন না।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ চলছে দুই সপ্তাহের বেশি। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, অনেক জায়গায় দেখা দিয়েছে সংকট। জ্বালানি তেল আমদানিনির্ভর বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।
পরীবাগের মেঘনা মডেল পাম্পের সামনেও তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। আজ শনিবার দুপুরেরাজারবাগ ফিলিং স্টেশনে ২০০ টাকার তেল দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাকিরুল। তিনি বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী ৫ লিটার তেল পাওয়ার কথা। এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এখন শুনি মাত্র ২০০ টাকার তেল পাব।’
এই পাম্পের ক্যাশিয়ার মো. ফজলে রাব্বি প্রথম আলোকে জানান, গতকাল সাড়ে ৪ হাজার লিটার অকটেন পেয়েছেন, সেটি তাঁরা বিক্রি করছেন। চাহিদার চেয়ে কম তেল থাকায় তাঁরা কম কম করে দিচ্ছেন, তবে একান্ত সমস্যা থাকলে বা জরুরি হলে তাঁদেরকে ২০০ টাকার বেশি, তথা চাহিদামতো তেল দিচ্ছেন।
রাজধানীর এই পাম্পে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইনের ফলে সড়কে যানজট তৈরি হতে দেখা যায়। শুধু এই পাম্পে নয়, গত বৃহস্পতি ও শুক্রবার তেলের জন্য পাম্পগুলোতে ভিড় কম দেখা গেলেও আজ আবার গত দুই দিনের তুলনায় অনেক বেশি ভিড় দেখা গেছে।
বেলা দুইটার দিকে রাজধানীর পরীবাগের মেঘনা মডেল পাম্পের সামনেও তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। শাহবাগ থেকে বাংলামোটর সড়কেও যানজট দেখা যায়। রাজধানীর রমনা পেট্রলপাম্পেও একই রকম ভিড় দেখা গেছে।