গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত, মীমাংসার জন্য চাপ

· Prothom Alo

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা নিয়ে মীমাংসা করতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত মাসুম রানা (৩৫) কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

Visit milkshakeslot.com for more information.

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সূত্রে জানা যায়, মাজুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এ ঘটনায় আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। গতকাল শনিবার রাতে ওই মাটি ড্রাম ট্রাকে করে সরানোর সময় ট্রাকের চাপায় মাসুম রানা ঘটনাস্থলেই নিহত হন বলে জানান স্থানীয় লোকজন। পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তাঁর মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে রক্তের দাগও রয়েছে।

নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে চাপ দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির বাবা নুর উদ্দিন বলেন, ‘আমার ছেলে মারা গেছে। এই শোক আমি কীভাবে সহ্য করব? এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source