স্নাতক সম্পন্নের আগেই ১০ লাখ ডলার আয় করবে শিক্ষার্থীরা, প্রতিশ্রুতি এআই স্কুলের

· Prothom Alo

বিশ্বজুড়ে শিক্ষার ব্যয় ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলফা স্কুল’ ব্যতিক্রমী এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছে। তাদের দাবি, স্কুলটি থেকে পাশ করার পর উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক সম্পন্নের আগেই ১০ লাখ ডলার আয় করতে পারবে। যদি না পারে, তবে সেই শিক্ষার্থীর টিউশন ফি পুরোপুরি ফেরত দেওয়া হবে।

Visit iwanktv.club for more information.

আলফা স্কুলের কর্মকর্তা ক্যামেরন সোরসবাই খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জানান, শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার আগেই ১০ লাখ ডলার আয় করতে পারবে। এটাই প্রতিশ্রুতি। যদি তা সম্ভব না হয়, তাহলে অভিভাবকদের পুরো টিউশন ফি ফেরত দেওয়া হবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি দক্ষ ও অভিজ্ঞ দল গড়ে তোলা হবে। সে উদ্দেশ্যে ইতিমধ্যে নতুন কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই থেকে তিনজন ব্যতিক্রমী দক্ষতার কোচ খোঁজা হচ্ছে, যাঁরা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর দিকনির্দেশনা দিতে পারবেন।

শিক্ষাদানের ক্ষেত্রে আলফা স্কুল প্রচলিত পদ্ধতির বাইরে ভিন্ন এক মডেল অনুসরণ করে। স্কুলটিতে দীর্ঘ সময় একটানা শিক্ষকনির্ভর শ্রেণিকক্ষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি দিনের একাডেমিক পাঠ শেষ করতে পারে। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের জন্য এখানে চ্যাটজিপিটি ও ক্লডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করা হয়। এসব টুল শিক্ষার্থীর সক্ষমতা বিশ্লেষণ করে তার উপযোগী শিক্ষাপরিকল্পনা তৈরি করে দেয়।

আলফা স্কুলের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে আলফা স্কুলের ২০টির বেশি ক্যাম্পাস রয়েছে। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের এই বিশেষ কর্মসূচি আপাতত টেক্সাসের অস্টিন শহরের ক্যাম্পাসে পরিচালনা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একাডেমিক পড়াশোনার বাইরে দিনের বাকি সময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ব্যক্তিগত আগ্রহভিত্তিক প্রকল্প এবং বিভিন্ন সহপাঠ কার্যক্রম পরিচালনা করা হয়। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক ফলাফলের দিক থেকে যুক্তরাষ্ট্রে শীর্ষ ১ থেকে ২ শতাংশের মধ্যে অবস্থান করে থাকে। শুধু তা–ই নয়, ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী জানিয়েছে, তারা স্কুলে যেতে পছন্দ করে।

উদ্যোক্তা তৈরির নতুন এই কর্মসূচির বিস্তারিত পাঠ্যক্রম এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে উৎসাহ দেওয়া হবে এবং কোচরা সেই উদ্যোগ বাস্তবায়নে তাদের পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source