চুয়াডাঙ্গায় ঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু, গাছ–বাড়ি–বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত

· Prothom Alo

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উদয়পুর ও বারাদী ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামে গতকাল বুধবার রাত ১০টার দিকে ঝড় আঘাত আনে। ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়। ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে শতাধিক গাছ। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

Visit asg-reflektory.pl for more information.

ঝড়ের সময় ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি শরীরের ওপর পড়ে উদয়পুর গ্রামের অটোরিকশাচালক আকমান আলী মণ্ডলের (৫০) মৃত্যু হয়। আহত হয়েছেন কাটাভাঙ্গা গ্রামের মোশারফ হোসেন (৫৫) ও ইকতার হোসেন (৪০)। তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার প্রথম আলোকে বলেন, ঝড় আঘাত হানা এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক দল পাঠানো হয়েছে। তারা ভেঙে যাওয়া গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি অপসারণ এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল দায়িত্ব পালন করছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও সহায়তা করছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ সহায়তা ও শুকনা খাদ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

উদয়পুর গ্রামের বাসিন্দা জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে মুসল্লিরা তারাবিহর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন, আবার কোথাও কোথাও নামাজ চলছিল। এ সময় আকস্মিক ঝড়ের আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষকে প্রয়োজনীয় সহায়তা করছেন।

Read full story at source