চাঁদরাতে সীতাকুণ্ডে এক যুবককে হত্যা
· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট জাহানাবাদ এলাকায় মো. রাজু (৩২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
Visit rouesnews.click for more information.
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল রাত দেড়টার দিকে বিএসবিএ হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় আজম আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রাজু জাহানাবাদ এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে গতকাল ইফতারের আগমুহূর্তে স্থানীয় দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে দুই পরিবারের ঝগড়া মিটেও যায়। রাত ৯টার দিকে রাজুর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ধাক্কাধাক্কি হয়। রাজুকে পেটানো হয়। একপর্যায়ে রাজু লুটিয়ে পড়েন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন যে রাজুকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধাক্কাধাক্কিতে মারা গেছেন, না অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আটক করা হয়েছে। এখনো কেউ অভিযোগ বা মামলা করেনি।