স্বাধীনতা দিবসে রাজধানীতে যানবাহন চলবে যেসব সড়কে

· Prothom Alo

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্বাধীনতা দিবসের কনসার্ট উপলক্ষে কাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণ করতে বলা হয়েছে।

আজ বুধবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। এসব অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীকে ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণ করতে ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Visit playerbros.org for more information.

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জাতীয় প্যারেড স্কয়ারকেন্দ্রিক যান চলাচলের বিষয়ে বলা হয়েছে, রাজধানীর বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয়-সংলগ্ন আগারগাঁও লিংক রোড, শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং এবং জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সড়কে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করবে না। সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব সড়কে ডাইভারশন চালু থাকবে।

ডাইভারশনের বিষয়ে বলা হয়েছে, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহন বিজয় সরণির ডান দিকে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে। মিরপুর-১০ থেকে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী/বিজয় সরণি/ ফার্মগেট/ধানমন্ডি/নিউমার্কেটগামী যানবাহন আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ফার্মগেট/বিজয় সরণি থেকে আসা গাড়ি রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে। ধানমন্ডি থেকে আসা গাড়িগুলো রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া/শেওড়াপাড়া/মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে। মিরপুর-শ্যামলী-শিশুমেলা থেকে আসা যানবাহনগুলো বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ-খেজুরবাগান-ফার্মগেট-বিজয় সরণি দিয়ে চলাচল করবে। আর আমন্ত্রণপত্র ছাড়া কুচকাওয়াজ দেখতে আসা গাড়ি এবং আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত সিএনজিচালিত গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।

বঙ্গভবনকেন্দ্রিক যান চলাচলের নির্দেশনায় বলা হয়েছে, আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত জিরো পয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্তান চত্বর ক্রসিং; ডিআইটি রোডের গুলিস্তান চত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং; ডিআইটি রোডের দৈনিক বাংলা ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং; আহাদ পুলিশ বক্স থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত; দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, পূবালী পেট্রলপাম্প গ্যাপ, সিটি সেন্টার গ্যাপ, ২৪ তলা গ্যাপ, রাজউক ক্রসিং গ্যাপ দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব সড়কে ডাইভারশন চালু থাকবে।

ডাইভারশনের বিষয়ে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন আবদুল গণি রোড থেকে আসা অতিথিদের গাড়ি ছাড়া অন্য যানবাহন বাঁয়ে মোড় নিয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে চলাচল করবে। ফুলবাড়িয়া-গোলাপ শাহ মাজার থেকে আসা গাড়িগুলো জিরো পয়েন্ট হয়ে ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল-রাজমণি অভিমুখে চলাচল করবে। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলো জিরো পয়েন্ট থেকে ইউবিএল/গোলাপ শাহ/হাইকোর্ট হয়ে চলাচল করবে। ইউবিএল থেকে গুলিস্তানগামী যানবাহনগুলো জিরো পয়েন্ট-গোলাপ শাহ-ফুলবাড়িয়া-তাঁতিবাজার হয়ে চলাচল করবে। অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত থেকে রাজউক ক্রসিংয়ের দিকে আগত যানবাহনগুলো শাপলা চত্বর-দৈনিক বাংলা-ইউবিএল হয়ে চলাচল করবে।

হানিফ ফ্লাইওভারের ইনকামিংয়ের কিছু যানবাহন ইউটার্ন করে হানিফ ফ্লাইওভারের আউটগোয়িং হয়ে চলাচল করবে এবং অন্যান্য যানবাহনগুলো শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ হয়ে জিরো পয়েন্ট-ইউবিএল/গোলাপ শাহ/হাইকোর্ট অভিমুখে চলাচল করবে। জয়কালী মন্দির ক্রসিং থেকে গুলিস্তানগামী যানবাহনগুলো এক লেনে ইত্তেফাক ক্রসিং পর্যন্ত বাঁয়ে মোড় নিয়ে শাপলা চত্বর-দৈনিক বাংলা হয়ে চলাচল করবে। ফকিরেরপুল ও মতিঝিল সিটি সেন্টার থেকে আগত যানবাহনগুলো দৈনিক বাংলা-ইউবিএল/শাপলা চত্বর হয়ে চলাচল করবে।

স্বাধীনতা দিবসের কনসার্টকেন্দ্রিক যান চলাচলের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট উপলক্ষে যানবাহনের ডাইভারশন চালু থাকবে, যার ফলে শ্যামলী-মোহাম্মদপুর থেকে আসা যেসব যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্মগেট-বিজয় সরণি অভিমুখে চলাচল করে সে সব যানবাহন লেক রোড দিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে।

শাহবাগ-সোনারগাঁও থেকে আগত যেসব যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করে সেসব যানবাহন ফার্মগেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ধানমন্ডি-নিউমার্কেট থেকে আসা যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে গণভবন ক্রসিং দিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে। মিরপুর রোড হয়ে ধানমন্ডি-নিউমার্কেটগামী যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইউটার্নের পরিবর্তে সরাসরি ধানমন্ডি-নিউমার্কেট অভিমুখে চলাচল করবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের কনসার্টে আসা যানবাহনের পার্কিং হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

Read full story at source