রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীর মৃত্যু, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা আহত

· Prothom Alo

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার বিকেল ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

Visit truewildgame.com for more information.

সন্ধ্যায় সায়েদাবাদের করাতিটোলা রেলগেট এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক নারী নিহত হয়েছেন। নিহত তাসলিমা আক্তার (৩৪) বংশালের মাহুতটুলি এলাকার জয়নাল মাদবরের মেয়ে। স্বামী রশিদ আহমেদ ও সন্তানকে নিয়ে তিনি দক্ষিণ সায়েদাবাদে থাকতেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন তাসলিমা। পথে করাতিটোলা রেলগেট এলাকায় একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ‘তিসা পরিবহন’–এর একটি বাস আটকে রেখেছেন স্থানীয় লোকজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এর আগে বিকেলে বঙ্গভবনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা খোশনুর আলম সুজন (৩২)। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক হিসেবে কর্মরত। পরিবার নিয়ে তিনি বনশ্রীতে থাকেন।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় তাঁর মাথা ও বাঁ হাতে গুরুতর আঘাত লাগে এবং বাঁ হাত ভেঙে যায়।

পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা তাঁকে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে গেছেন।

Read full story at source