দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের একাংশের

· Prothom Alo

লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাইয়ে নেওয়ার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের একাংশ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

Visit freshyourfeel.org for more information.

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী মেহরুজ রহমান রাফসান বলেন, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাই মাসে নিতে হবে। ৫১তম বিসিএস থেকে পরবর্তী সব বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ন্যূনতম চার মাস সময় দিয়ে সুশৃঙ্খল রোডম্যাপ তৈরি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থী সোহাগ মিয়া ৫৮ দিনের প্রস্তুতির সময়কে ‘অপর্যাপ্ত’ ও ‘অবিচার’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ১ হাজার ২০০ নম্বরের বিশাল লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র ৫৮ দিন সময় দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই পর্যাপ্ত নয়।

সোহাগ মিয়া বলেন, ‘আমরা পিএসসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। পিএসসি যদি এর মধ্যে কোনো পদক্ষেপ না নেয়, সে ক্ষেত্রে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ আগের ব্যাচগুলো প্রস্তুতির জন্য সাত থেকে আট মাস সময় পেত বলেও মন্তব্য করেন তিনি।

Read full story at source