হঠাৎ করেই উইন্ডোজ ১১–এর প্রিভিউ আপডেট স্থগিত করল মাইক্রোসফট
· Prothom Alo

ইনস্টলেশনজনিত ত্রুটি শনাক্ত হওয়ায় উইন্ডোজ ১১–এর একটি প্রিভিউ আপডেটের বিতরণ সাময়িকভাবে স্থগিত করেছে মাইক্রোসফট। ‘কেবি৫০৭৯৩৯১’ নামের এই নন সিকিউরিটি আপডেটটি ইনস্টল করতে গিয়ে ব্যবহারকারীদের একটি অংশ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
Visit aportal.club for more information.
গত বৃহস্পতিবার উইন্ডোজ ১১–এর ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণের জন্য অপশনাল কিউমিলিটিভ আপডেট উন্মুক্ত করা হয়। আপডেটটিতে স্মার্ট অ্যাপ কন্ট্রোল ও ডিসপ্লেসংক্রান্ত ডেভলপমেন্টসহ মোট ২৯টি পরিবর্তন যুক্ত করে হয়েছিল।
মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১১–এর প্রিভিউ আপডেটটি ইনস্টল করতে গিয়ে অনেক ব্যবহারকারী একটি বার্তা দেখতে পাচ্ছিলেন। সেখানে লেখা ছিল, আপডেট করা কিছু ফাইল অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ। একই সঙ্গে ‘০এক্স৮০০৭৩৭১২’ ত্রুটি কোডও প্রদর্শিত হচ্ছিল, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এ পরিস্থিতিতে আপডেটটির রোলআউট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
সমস্যার সমাধান কবে নাগাদ দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত মাসিক ‘প্যাচ টিউসডে’ আপডেট প্রকাশের আগেই এ ত্রুটির সমাধান দেওয়া হতে পারে। এতে করে নতুন ফিচার ও সংশোধনগুলো চূড়ান্তভাবে উন্মুক্ত করার আগে ব্যবহারকারীরা সেগুলো পরীক্ষা করার সুযোগ পাবেন।
এর আগে মার্চ ২০২৬ আপডেটের কারণে সৃষ্ট আরেকটি বড় সমস্যা সমাধানে জরুরি আপডেট প্রকাশ করেছিল মাইক্রোসফট। সেই সমস্যার কারণে টিমস, এজ ব্রাউজার, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, ওয়ানড্রাইভসহ একাধিক সেবায় মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে সমস্যার মুখে পড়ছিলেন ব্যবহারকারীরা।
সূত্র: ব্লিপিং কম্পিউটার