ভারতীয় নায়িকা প্রচারণায়, ফারিণ নীরব—‘প্রিন্স’ নিয়ে...

· Prothom Alo

ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই। বিশেষ করে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণের অভিনয়—এই জুটি নিয়েই তৈরি হয়েছিল আলাদা কৌতূহল। কারণ, মেরিল–প্রথম আলো পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের সঙ্গে অভিনয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন ফারিণ নিজেই। সেই স্বপ্ন পূরণ হয়েছে এই ছবির মাধ্যমে।

Visit umafrika.club for more information.

তবে সিনেমা মুক্তির পর দৃশ্যপট যেন কিছুটা ভিন্ন। যেখানে ছবির আরেক নায়িকা কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডুকে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে প্রচারণা চালাতে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে—সেখানে ফারিণ ছিলেন পুরোপুরি অনুপস্থিত। মুক্তির ১০ দিন পার হলেও সিনেমাটির প্রচারণায় কোথাও দেখা যায়নি তাঁকে।

সিংহাসনটা তাঁরই ছিল, তাঁরই থাকবে—প্রমাণ করতে আসছেন শাকিব খান ‘প্রিন্স’ ছবির ‘পরী’ গানের পোস্টারে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুন্ডু

সামাজিকমাধ্যমেও একই চিত্র। ফারিণের ফেসবুক পেজে ‘প্রিন্স’ নিয়ে উল্লেখযোগ্য কোনো প্রচারণা চোখে পড়েনি। কেবল পাঁচ দিন আগে ছবির ‘ডিসকো সুন্দরী’ গানটি শেয়ার করেছিলেন তিনি। এরপর ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী শাসক, ‘প্রিন্স’ শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার নিকটস্থ হলে উপভোগ করুন ‘প্রিন্স’।’ এর বাইরে ছবিটি নিয়ে তাঁর নীরবতাই বেশি চোখে পড়েছে।

অন্যদিকে একই সময়ে মুক্তি পাওয়া অন্য চলচ্চিত্রগুলোর শিল্পী–কলাকুশলীরা যখন সক্রিয়ভাবে প্রচারণায় ব্যস্ত—প্রেক্ষাগৃহে উপস্থিতি, দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সামাজিকমাধ্যমে আহ্বান—তখন ফারিণের এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই।

‘প্রিন্স’–এর টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খানমেরিল–প্রথম আলো পুরস্কার মঞ্চে তাসনিয়া ফারিণ ও শাকিব খান

তবে আজ মঙ্গলবার ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রাজধানীর একটি প্রেক্ষাগৃহে রাত আটটায় আমন্ত্রিত অতিথিদের জন্য এই প্রদর্শনীতে শাকিব খানসহ ছবির অন্য শিল্পীরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই প্রদর্শনীতে অংশ নেবেন তাসনিয়া ফারিণও। প্রথম আলোর সঙ্গে আলাপে ফারিণও জানালেন, তিনি থাকছেন।

প্রচারণায় অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে ফারিণ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এখনই এসব নিয়ে কিছু বলতে চাই না। পরে কথা বলব। তবে আজকের প্রদর্শনীতে থাকব। বলা যেতে পারে, আজ থেকেই আমি ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি।’

‘প্রিন্স’–এর টিজারে শাকিব খান

তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, ছবিটি নিয়ে ফারিণের নীরবতার পেছনে রয়েছে ভিন্ন কারণ। জানা গেছে, গল্পের প্রয়োজনে তাঁর যে পরিমাণ উপস্থিতি থাকার কথা ছিল, শুটিংয়ের সময় তার কিছু অংশ বাদ পড়েছে। শুধু ফারিণই নন, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের কিছু দৃশ্যও সময়–সংকটের কারণে ধারণ করা সম্ভব হয়নি। ফলে ছবির গল্পে কিছুটা ছন্দপতন তৈরি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়টি নায়িকার মনে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, ‘প্রিন্স’ মুক্তির পর যেমন দর্শকপ্রতিক্রিয়া ও বক্স অফিস নিয়ে আলোচনা চলছে, তেমনি ছবির অভ্যন্তরীণ নানা বিষয়ও উঠে আসছে আলোচনায়। এখন দেখার বিষয়, বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে ফারিণের প্রচারণায় ফেরা—এই নীরবতার অবসান ঘটায় কি না।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ ছবিটি দেশের ১৩৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Read full story at source