আর্সেনাল–সিটির ‘ফাইনাল’ ঘিরে উত্তাপ, ঘি ঢাললেন গার্দিওলাও

· Prothom Alo

আর্সেনাল সমর্থকদের মনে কি এখন দেজা ভ্যুর আশঙ্কা জাগছে? বর্তমান কোনো ঘটনা অতীতেও ঘটেছে বলে মনে হলে সেটাকে দেজা ভ্যু বলে। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে আর্সেনাল যে জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে এমন আশঙ্কা তৈরি হওয়া একেবারেই অমূলক নয়। পুরো মৌসুম দাপট দেখিয়ে শেষ দিকে এসে খেই হারানো এবং তারপর শিরোপা হাতছাড়া করা, এমন ঘটনা যে আগেও তাদের সঙ্গে ঘটেছে।

Visit fishroad-app.com for more information.

সর্বশেষ তিন মৌসুমে রানার্সআপ হওয়ার পথে আর্সেনাল দুটিতে শিরোপা হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটির কাছে। এবার আবারও মৌসুমের শেষভাগে এসে সেই সিটির সঙ্গে লড়তে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই অনেক সমর্থকের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে। আর্সেনাল সমর্থকদের মধ্যে এ আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

স্প্যানিশ এই কোচ বলেছেন, আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনালের প্রিমিয়ার লিগ ম্যাচটি এখন ‘ফাইনাল’। গতকাল রাতে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ৩-০ ব্যবধানে জয়ের পর সিটির সঙ্গে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ব্যবধান নেমে এসেছে ৬ পয়েন্টে, সিটি আবার একটি ম্যাচ কমও খেলেছে। অর্থাৎ সিটি যদি সেই বাড়তি ম্যাচটি জিতে যায়, তবে পার্থক্য নেমে আসবে ৩ পয়েন্টে। সে ক্ষেত্রে সিটি-আর্সেনাল ম্যাচ আক্ষরিক অর্থেই ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে।

শিরোপার আরও কাছে বার্সা-বায়ার্ন, আর্সেনাল–সিটির রোমাঞ্চ

তবে এখন পর্যন্ত শিরোপার লাগাম আর্সেনালের হাতেই। শেষ ছয় ম্যাচ জিতে গেলে কোনো হিসাব–নিকাশে যেতে হবে না তাদের। কিন্তু আর্সেনালের অতীত অভিজ্ঞতা একেবারেই উল্টো। পরিসংখ্যান বলছে, গত পাঁচ মৌসুমে মাত্র একবারই আর্সেনাল একটি মৌসুমের শেষ ১২টি লিগ ম্যাচের মধ্যে ১০টিতে জিততে পেরেছে। এ ছাড়া ওই মৌসুমগুলোতে শেষ ১২ ম্যাচে আর্সেনাল কখনোই শেষ পর্যন্ত শিরোপাজয়ী দলের চেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে আর্সেনাল কোচ মিকেল আরতেতা

আর্সেনালের আগের ছয় ম্যাচের পরিসংখ্যান যদি দেখা হয়, তবে গানাররা সেই ছয় ম্যাচের চারটিতে জিতেছে, হেরেছে একটিতে এবং ড্র করেছে অন্য ম্যাচে। অর্থাৎ এই ছয় ম্যাচ থেকে আর্সেনাল ১৩ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ম্যান সিটি শেষ ছয় ম্যাচের ৪টিতে জিতেছে এবং ২টিতে ড্র করেছে। তাদের পয়েন্ট এই ছয় ম্যাচে ১৪।
অর্থাৎ সেই পুরোনো হিসাব–নিকাশই যেন নতুন করে ফিরে আসছে। তবে ধারা তো কখনো না কখনো বদলাতেই হয়। আর সেই ধারা বদলে যেতে পারে সিটি-আর্সেনালের সেই ‘অলিখিত’ ফাইনালে।

১৯ এপ্রিল সিটির মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আর্সেনাল ম্যাচটা একদম ফাইনালের মতো। তবে এর মানে এই নয় যে ৯ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি সহজ হবে।’

চেলসিকে উড়িয়ে আর্সেনালের আরও কাছে সিটি

আর্সেনালকে নিয়ে সতর্কবার্তা দিয়ে গার্দিওলা আরও যোগ করেন, ‘আমরা এমন এক দলের মুখোমুখি হচ্ছি, যারা ৪৯ ম্যাচে হেরেছে মাত্র ৩টি। চ্যাম্পিয়নস লিগে তারা এখনো হারেনি। লিগ কাপে আমরা পুরোপুরি আন্ডারডগ ছিলাম। এই দেশে একজন মানুষও হয়তো ১ পাউন্ড বাজি ধরত না যে আমরা এতটা ভালো করব। তবে এখন পরিস্থিতি হয়তো কিছুটা ভিন্ন।’

এ সময় আর্সেনালকে সমীহ করার কথাও জানান গার্দিওলা, ‘আর্সেনালকে আমি ভীষণ সম্মান করি। গত কয়েক বছরে তারা যা করেছে, আমি তাদের কোচ, খেলোয়াড়, মান এবং যেকোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত তারা এই দেশের এবং ইউরোপের সেরা দল। আর্সেনালকে একবার হারানোই কঠিন। কয়েক সপ্তাহের মধ্যে দুবার হারানো কল্পনাই করা যায় না।’

গার্দিওলার ভাষ্য, ‘অতীতটা ছিল বিশেষ কিছু, তবে আমরা উন্নতি করছি। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ায় এখন আমাদের হাতে লম্বা সময় পাচ্ছি। খেলোয়াড়েরা উজ্জীবিত আছে, অনুশীলনে সবাই জানে তাদের কী করতে হবে।’

Read full story at source