ফরিদপুরে পানির ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
· Prothom Alo
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণকাজ শেষে পানির রিজার্ভ ট্যাংকের ভেতরে নেমে কাঠ ও বাঁশের কাঠামো (সেন্টারিং) অপসারণ করতে গিয়ে মাসুম মোল্লা (৫২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌর শহরের সিনিয়র সহকারী জজ আদালত চত্বরের পাশে নির্মাণাধীন মাছ বাজারে এ ঘটনা ঘটে।
Visit tr-sport.click for more information.
মারা যাওয়া মাসুম মোল্লা পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবদুল হাই শেখের ছেলে। তিনি কয়েক মাস ধরে ভাঙ্গা পৌর বাজারে অবস্থান করছিলেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসখানেক ধরে ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালত চত্বরের পাশে একটি মাছবাজারের নির্মাণকাজ চলছে। সেখানে মাছ বিক্রেতাদের বসার সুবিধার জন্য একটি পাকা স্থাপনা বানানো হয়। এর মাঝখানে পানির একটি রিজার্ভ ট্যাংকও বানানো হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, কাজটি কয়েক দিন আগে শেষ হয়েছে। তবে পানির ট্যাংকের ভেতরে কাঠের কাঠামো খুলতে মাসুম মোল্লা ট্যাংকের ভেতরে নামেন। ট্যাংকটিতে অল্প পরিমাণ পানি ছিল। তিনি বলেন, এই কাঠামো খুলতে গিয়ে কাঠ তাঁর গায়ে পড়তে পারে অথবা ট্যাংকের ভেতরের পানিতে অনেক দুর্গন্ধ ছিল। এ দুর্গন্ধে দম আটকে মারা যেতে পারেন। কিংবা বিষাক্ত গ্যাসের কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে।
আবু জাফর আরও বলেন, ‘আমরা যখন তাঁকে উদ্ধার করে আনি, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক জানান, কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনা শোনার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ব্যাপারে তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।