কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী
· Prothom Alo

নোয়াখালী জেলা কারাগারে বসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার কারাগারের একটি কক্ষে তার পরীক্ষা নেওয়া হয়। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ওই শিক্ষার্থীর বয়স ১৫ বছর। কারা কর্তৃপক্ষ জানায়, একটি হত্যা মামলায় ওই শিক্ষার্থীকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার জন্য তাকে নোয়াখালী কারাগারে আনা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারাগারের একটি কক্ষে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
Visit sweetbonanza.qpon for more information.
কারাগার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্র। তার পরীক্ষাকেন্দ্রও একই উপজেলায়। ওই কেন্দ্রের সচিবের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষে যথানিয়মে উত্তরপত্র কেন্দ্রের প্রধানের কাছে পাঠানো হয়।
জানতে চাইলে কারাগারের তত্ত্বাবধায়ক আ. বারেক প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে তিন দিন আগে টঙ্গীর সংশোধনাগার থেকে ওই কিশোরকে নোয়াখালী কারাগারে আনা হয়। একজন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও কারিগরির ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং কারিগরিতে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।