রংপুরে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

· Prothom Alo

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রংপুর মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিনের কাছে তিন দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত সময়ের মধ্যে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ ও নৈরাজ্য রোধ করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি মাথায় রেখে পরিবহন খাতে লোকসান এড়াতে মালিক ও যাত্রীদের স্বার্থ রক্ষার বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে রংপুর থেকে বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয় স্মারকলিপিতে।

Visit asg-reflektory.pl for more information.

স্মারকলিপি দেওয়ার পর রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী সাংবাদিকদের বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়নি। ফলে আমাদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে যৌক্তিক ভাড়া নির্ধারণ করার দাবি জানিয়েছি।’

এ সময় অন্যদের মধ্যে মোটর মালিক সমিতির সভাপতি শরীফুল আলম, সহসভাপতি মোসাহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Read full story at source