ক্যানসারে আক্রান্ত অভিনেতা তপনের দুঃসময়
· Prothom Alo

জটিল ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়ালেও এখন তিনি রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
তারিকুজ্জামান তপনঅভিনেতার স্ত্রী সাবিনা হেলেনের সঙ্গে বুধবার সকালে কথা হয়। তিনি জানান, খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত তপন। গত ডিসেম্বরে তাঁর এই রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাঁকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
Visit mwafrika.life for more information.
স্বামীর বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সাবিনা হেলেন বলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা।’
চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়েছে পরিবার। সাবিনা হেলেন জানান, ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি।
সাবিনা হেলেন বলেন, ‘বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে অনেক টাকা লাগে। তাই পিজিতে ভর্তির চেষ্টা করেছি, কিন্তু সিট খালি না থাকায় ভর্তি করাতে পারিনি।’
সরকার ও শিল্পী সমাজের সহায়তার আশায় দিন গুনছে পরিবারটি। সাবিনা হেলেন বলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’
একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি।
তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।
এখন জীবনযুদ্ধের কঠিন সময় পার করছেন এই অভিনেতা। তাঁর সুস্থতার জন্য সহকর্মী ও ভক্তদের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।