আজ শো করছে না তাড়ুয়া, শুক্রবারের শো হবে

· Prothom Alo

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নাটকের প্রদর্শনীর জন্য ২২, ২৩ ও ২৪ এপ্রিল নাট্যদল তাড়ুয়াকে জাতীয় নাট্যশালার মূল হল বরাদ্দ দেয় শিল্পকলা একাডেমি। সে মোতাবেক টিকিটও বিক্রি করে তাড়ুয়া।

এর মধ্যে গত সোমবার শিল্পকলা একাডেমি তাদের জানায়, অনিবার্য কারণে বৃহস্পতিবারের (আজ) হল বরাদ্দ বাতিল করা হয়েছে। পরে হলটি বিএনপির কালচারাল উইং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) বরাদ্দ দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Visit newsbetting.cv for more information.

শেষ মুহূর্তে তাড়ুয়ার হল বরাদ্দ বাতিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নাট্যকর্মীরা। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মুখে গত মঙ্গলবার শিল্পকলা একাডেমি জানিয়েছে, আজ বৃহস্পতিবার তাড়ুয়া শো করতে পারবে।

নাটক বাতিল, জাসাসকে হল বরাদ্দ—বিতর্কের মুখে শিল্পকলার সিদ্ধান্ত বদল‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের দৃশ্য

তাড়ুয়াকে বাদ দিয়ে জাসাসকে হল দিয়েছিল শিল্পকলা

শিল্পকলা একাডেমিতে হল বরাদ্দ পেতে এক মাস আগে আবেদন করতে হয়। এপ্রিল মাসে হল বরাদ্দ পেতে মার্চ মাসের ৭ তারিখের মধ্যে আবেদন করতে হয়। পরে বিষয়টি যাচাই-বাছাই করে অনুমোদন দেয় শিল্পকলার হল বরাদ্দ কমিটি। সেভাবেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এপ্রিলে হল বরাদ্দ পেয়েছিল তাড়ুয়া।
এর মধ্যে ৯ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর চিঠি দিয়ে ২৩ এপ্রিল হল চায় জাসাস। এদিন জাতীয় নাট্যশালার মূল হলে জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকিরের স্মরণ অনুষ্ঠান করতে চেয়েছিল তারা।

জাসাসের সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘লোকমান হোসেন ফকিরের স্মরণ অনুষ্ঠান ও আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আগামী ২৩ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল জাসাসের অনুকূলে বিনা ভাড়ায় বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

শিল্পকলা একাডেমির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি করে তাড়ুয়ার জন্য বরাদ্দ করা হল জাসাসকে দেওয়া হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত তাড়ুয়াকেই আবার আজ শো করার অনুমতি দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রথম আলোকে জানান, আজ জাতীয় নাট্যশালায় মূল হলে আয়োজনটি না করার জন্য জাসাসকে রাজি করিয়েছেন তিনি। তারা আয়োজনটি করছে না। সেদিন নাটকের শোর অনুমতি দেওয়া হয়েছে।

জাসাসও প্রথম আলোকে জানিয়েছে, জাতীয় নাট্যশালায় মূল হলে আয়োজনটি করছে না তারা।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের দৃশ্য

তাড়ুয়াও আজ শো করছে না

হল বরাদ্দ ফিরে পাওয়ার বিষয়ে অবহিত করা হলে তাড়ুয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর ও অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নাটকের নির্দেশক বাকার বকুল গতকাল প্রথম আলোকে জানান, আজকের শোটি তাঁরা করছেন না। তবে এদিন নাট্যশালার মূল হলে মহড়া করবেন।

আজ শো না করার কারণ হিসেবে বাকার বকুল জানান, হল বরাদ্দ বাতিলের পর সোমবার রাত থেকেই আজকের শোর টিকিটের অর্থ ফেরত দিয়েছেন তাঁরা। কেউ কেউ বৃহস্পতিবারের শোর টিকিট দেখিয়ে শুক্রবারের শোর টিকিট নিয়েছেন। ফলে শেষ মুহূর্তে আজকের শোটি করা যাচ্ছে না। তিনি বলেন, ‘দর্শকের সঙ্গে প্রহসনের কোনো মানে হয় না। দর্শককে আমরা অনুরোধ করেছি, টিকিটের টাকা রিফান্ড করেছি। আবার সেই দর্শককে ডাকা প্রতারণার মতো। আমরা প্রচার করেছি, শো বাতিল। অল্প সময়ের মধ্যে আবার শোটি করার ঠিক হবে না।’

তবে আগামীকাল বিকেল ও সন্ধ্যার পূর্বনির্ধারিত শো দুটি করবে তাড়ুয়া। টিকিট কেটে শোগুলো দেখতে পারবেন দর্শকেরা।

Read full story at source