তিন মাসে ৩,৭৫৮ কোটি টাকার ব্যবসা গ্রামীণফোনের

· Prothom Alo

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ৩ হাজার ৭৫৮ কোটি টাকার ব্যবসা করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বা জিপি। তবে গত বছরের একই সময়ে জিপি ব্যবসা করেছিল ৩ হাজার ৮৩৫ কোটি টাকার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপির ব্যবসা কমেছে ৭৭ কোটি টাকার বা ২ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল বুধবার গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এরপর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। পাশাপাশি কোম্পানিটি বিভিন্ন মাধ্যমে তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে।

Visit sport-tr.bet for more information.

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে জিপির ব্যবসা কমলেও মুনাফা বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোন কর–পরবর্তী মুনাফা করেছে প্রায় ৬৬২ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৬৩৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৮ কোটি টাকা বা প্রায় সাড়ে ৪ শতাংশ। অর্থাৎ গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের ব্যবসা ২ শতাংশ কমলেও মুনাফা প্রায় সাড়ে ৪ শতাংশ বেড়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে জানা যায়, কয়েকটি খাতে গত বছরের তুলনায় খরচ কমেছে এবার। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কম ছিল চলতি বছরের প্রথম তিন মাসে। ফলে গত বছরের চেয়ে ব্যবসা কমলেও কিছু খাতে খরচ তার চেয়ে বেশি হারে কমেছে। এ কারণে ব্যবসা কমে যাওয়ার পরও মুনাফা বেড়েছে কোম্পানিটির। যেমন গত বছরের প্রথম তিন মাসে বৈদেশিক মুদ্রার বিনিময়ের কারণে গ্রামীণফোনের আর্থিক ক্ষতি বা লোকসানের পরিমাণ ছিল ৩৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে তা কমে দাঁড়ায় ৩ কোটি টাকায়। সে হিসাবে এই একটি খাতেই গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির সাশ্রয় হয়েছে ৩৩ কোটি টাকার বেশি। একইভাবে মূল পরিচালন খরচের বাইরে অন্যান্য পরিচালন খরচও কমেছে ২১ কোটি টাকার বেশি।

এদিকে মুনাফা বৃদ্ধি পাওয়ার খবরে আজ লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বা প্রায় আধা শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ টাকায়। এ সময় পর্যন্ত কোম্পানিটির প্রায় ২০ হাজার শেয়ারের হাতবদল হয়।

Read full story at source