বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে ডেসকো
· Prothom Alo

জ্বালানি–সংকট মোকাবিলায় ডেসকো রাজধানী ঢাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে নজরদারি ও অভিযান চলছে
আইন অমান্য করায় কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে
Visit afnews.co.za for more information.
শপিং মল ও দোকান সন্ধ্যা সাতটার পর খোলা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা
বিদ্যমান বৈশ্বিক জ্বালানি–সংকট বিবেচনায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিজেদের আওতাধীন এলাকার শপিং মল, মার্কেট, বিপণিবিতানসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নজরদারি করছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
আজ শনিবার সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেসকোর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথমে সতর্ক করা হচ্ছে এবং সাতটার পর জরুরি সেবাকেন্দ্র ব্যতীত কোনো বাণিজ্যিক স্থাপনা খোলা দেখা গেলে তাৎক্ষণিক বন্ধের ব্যবস্থা করা হচ্ছে। এরপরও যদি কেউ আইন অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ডেসকোর আওতাধীন রাজধানীর মিরপুর এলাকার মার্কেট, শপিং মল এবং দোকানে অভিযান পরিচালনার কথা জানানো হয়। এ ছাড়া বুধবার ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের তথ্যটি জানানো হয়।
এ ছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং করে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে সচেতন করার কাজ চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এবং নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌশল মো. রশিদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানে ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী, সনাতন দত্ত, শফিকুল ইসলাম, প্রকৌশলী আবদুল লতিফ মিয়া, মো. রায়হান আরেফিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।