কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন ফটক ধসে রাজমিস্ত্রি নিহত, আহত ৩
· Prothom Alo

কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন একটি ফটক ধসে একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার মাড়িয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরীর প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
Visit asg-reflektory.pl for more information.
নিহত রাসেল মিয়া (২৫) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন স্বল্পমারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), মাড়িয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলী স্বপন (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে রানা মিয়া (২৬)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ খালিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা চালায়।
মাড়িয়া এলাকার বাসিন্দা আক্কাস আলী জানান, বিসিক শিল্প নগরীর প্রধান ফটকের নির্মাণকাজে নিহত রাসেল মিয়াসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির পর ফটকের ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং দুর্বল হয়ে যায়। পরে সেটি লোড নিতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এ ঘটনায় রাসেল মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা যান। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।