ইস্টার্ন ব্যাংক থেকে ফ্ল্যাট ও বাড়ি কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন নারীরা
· Prothom Alo

দেশে অধিকাংশ ব্যাংক নারীদের জন্য আলাদা ব্যাংকিং সেবা দেয়। ব্র্যাক ব্যাংকের আছে ‘তারা’ এবং সিটি ব্যাংকের রয়েছে ‘আলো’। তেমনি ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) রয়েছে ইবিএল ওমেন ব্যাংকিং। এই ব্যাংকিং–সেবায় ব্যক্তিগত ঋণ হিসেবে নারীরা ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ চার কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
ইবিএলের ওমেন ব্যাংকিং বা নারী ব্যাংকিং–সেবার আওতায় ব্যক্তিগত ও ব্যবসায়িক—দুই ধরনের হিসাব খোলা যায়। ব্যক্তিগত হিসাবে নারী গ্রাহকেরা ২৫ হাজার টাকা জমা রাখলে মাসিকভিত্তিক ইন্টারেস্ট পাবেন। আর ব্যবসায়িক হিসাবে নারীর জন্য রয়েছে ইবিএল অভিলাষী সেবা। এর মাধ্যমে নারীরা চাইলে ব্যবসায়িক কাগজপত্র তৈরি ও হালনাগাদ, কারিগরি ও ব্যবসায়িক ব্যবস্থাপনা প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের ওয়ান–স্টপ সলিউশন বা এক দরজায় সেবা পাবেন।
Visit asg-reflektory.pl for more information.
ওমেন ব্যাংকিংয়ের আওতায় মোট চার ধরনের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড সেবা রয়েছে। এসব কার্ডে রয়েছে দ্বৈত মুদ্রা (ডুয়েল কারেন্সি) লেনদেনের সুবিধা। নারীরা চাইলে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। এর জন্য রয়েছে ইবিএল মিলিয়নিয়ার ওমেন ডিপিএস এবং ইবিএল ওমেন কনফিডেন্স ডিপিএস। আবার নারী গ্রাহক হিসেবে যদি আপনি শরিয়াহভিত্তিক ব্যাংকিং করতে চান, তার জন্য রয়েছে ইবিএল ইসলামিক সঞ্চয়ী হিসাবসুবিধা।
ইবিএল জানায়, ২০১৮ সাল থেকে নারীদের আর্থিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল ব্যাংকিং–সুবিধা নিশ্চিতে কাজ করছে ব্যাংকটি। এই ব্যাংকিং–সেবার আওতায় ব্যাংকটি থেকে বর্তমানে প্রায় দুই লাখ নারী গ্রাহক সেবা নিচ্ছেন। সব মিলিয়ে নারী উদ্যোক্তা ও পেশাজীবী নারীদের প্রায় ৭০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ইবিএল।
কোথায় কী কী সেবা আছে, তা এবার জানা যাক—
যেসব ঋণ পাওয়া যায়
নারীদের ব্যক্তিগত আর্থিক প্রয়োজনে রয়েছে ওমেনস ঋণ, হোম ঋণ, অটো ঋণ ও ফাস্ট ঋণ। ইবিএল ওমেনস লোন–সুবিধার মাধ্যমে নারীরা কোনো ধরনের জামানত ছাড়া সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।
এ ছাড়া ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ বা সংস্কারের জন্য রয়েছে হোম লোন–সুবিধা। এ ক্ষেত্রে পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ চার কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যা সর্বোচ্চ ২৫ বছরে মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা যাবে। আর নতুন অথবা রিকন্ডিশন্ড গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো ঋণ নেওয়া যাবে।
আর নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য মুক্তি, আশা, উৎকর্ষ, উদ্দীপন, স্টার্টআপসহ বিভিন্ন স্কিমে ঋণের সুযোগ আছে। এর মধ্যে মুক্তি ঋণ–সেবার আওতায় নারী উদ্যোক্তারা মাত্র ৫ শতাংশ সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
উৎকর্ষ ও আশা নামের আরও দুটি জামানতবিহীন ঋণসুবিধা রয়েছে। আশা কর্মসূচিতে ঋণের জন্য প্রথমবার আবেদনেই ২ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত এবং পরবর্তী আবেদনে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই ঋণ সর্বোচ্চ চার বছর মেয়াদে কিস্তিতে পরিশোধ করা যাবে।
নতুন ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে ‘স্টার্টআপ লোন’। এতে জামানত ছাড়াই সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ পাঁচ বছর। আর ব্যবসার জন্য ভারী যানবাহন কেনার ক্ষেত্রে ফ্লিট ফাইন্যান্সিং–সুবিধার আওতায় সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এর জন্য কোনো জামানত প্রয়োজন হবে না।
এ ছাড়া বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ, কেনা বা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত বন্ধকি ঋণের সুবিধা রয়েছে। এই ঋণ ১৫ বছরে পরিশোধ করা যাবে। আর ব্যবসার মূলধনি যন্ত্রপাতি কেনা ও চলতি মূলধনের জন্য বিজনেস সলিউশন ঋণসুবিধায় সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি ও ওমেন ব্যাংকিংয়ের প্রধান তানজেরি হক প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে নারী গ্রাহকদের জন্য নতুন প্রশিক্ষণ উদ্যোগ, ডিজিটাল লার্নিং–সুবিধা এবং বৈচিত্র্যময় পণ্য ও সেবা চালুর পরিকল্পনা নিয়েছে ব্যাংকটি। এ ছাড়া ডিজিটাল ব্যাংকিং–সুবিধা, নারীদের পে–রোল সলিউশন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এআই ও ব্যবসায়িক শিক্ষা এবং বিশেষ লাইফস্টাইল–সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।