কাঁচামাল ও প্রস্তুতপণ্যের মধ্যে ১০ শতাংশ শুল্ক–পার্থক্য থাকা উচিত: মোস্তফা হায়দার
· Prothom Alo

দেশে কাঁচামাল ও প্রস্তুতপণ্য আমদানিতে ৫ থেকে ১০ শতাংশ শুল্ক–পার্থক্য রয়েছে। তবে এতে ন্যূনতম ১০ শতাংশ পার্থক্য থাকা উচিত বলে মন্তব্য করেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার।
Visit freshyourfeel.com for more information.
মোস্তফা হায়দার বলেন, ‘উচ্চ সুদের কারণে চীন, ভিয়েতনাম ও ভারত থেকে আমরা পিছিয়ে আছি। তার মধ্যে প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক কম থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।’ প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন এই উদ্যোক্তা।
আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলো আয়োজিত সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন মোস্তফা হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সঞ্চালনা করছেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন।
সভায় মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, ‘দেশে সুদের হার ১২ থেকে সাড়ে ১৪ শতাংশ। কিন্তু চীনে ৪ শতাংশ, ভিয়েতনামে ৬-৮ শতাংশ এবং ভারতে ৮-৯ শতাংশ। এখানে আমরা পিছিয়ে যাচ্ছি। আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেওয়ার ক্ষেত্রেও আমরা সময় কম পাই।’
চীনে ঋণ ফেরত দিতে ১০ থেকে ২০ বছর সময় পাওয়া যায় বলে জানান মোস্তফা হায়দার। অথচ ভিয়েতনামে ৭-১২ বছর এবং ভারতে ৮-১৫ বছর সময় পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে ৫-৭ বছরের মধ্যে ঋণের টাকা ফেরত দিতে হয়। তাই এসব দেশ থেকে বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতায় ১৫-২০ শতাংশ পিছিয়ে থাকে।
এ ছাড়া গ্যাস–সংকট ও বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, দেশে বিদ্যুতের দাম এমনিতেই প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি।
এ ছাড়া দেশে অগ্রিম আয়কর ও ভ্যাট ফেরত পাওয়া যায় না—এই অভিযোগ করে বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান মোস্তফা হায়দার। বন্ড–সুবিধার অপব্যবহারের কারণে দেশে সংযোগ শিল্প গড়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি।