দেশের ফুটবল লিগে আবারও গোলে এগিয়ে বিদেশিরাই
· Prothom Alo

বরাবরের মতোই এবারের বাংলাদেশ লিগেও গোলদাতার তালিকায় বিদেশিরাই এগিয়ে। গতকাল শেষ হওয়া লিগে কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ সর্বোচ্চ ১৯ গোল করেছেন। ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিসের গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর বাবু এবং ১১ গোল নিয়ে তৃতীয় আবাহনীর মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।
Visit amunra.qpon for more information.
গোলদাতার তালিকার চারে ৭টি করে গোল করে চারজন বিদেশি আছেন যৌথভাবে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৬ গোল কিংসের ফয়সাল আহমেদ ফাহিম ও আবাহনীর শেখ মোরছালিনের। আল আমিন ও রাকিব হোসেনেরও তিনটি করে গোল।
বিদেশিদের আধিপত্যের মধ্য দিয়েই দীর্ঘ ৮ মাস খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর অবশেষে কাল শেষ হয়েছে ১০ দলের বাংলাদেশ ফুটবল লিগ। এক রাউন্ড হাতে রেখে আগেই শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। গতকাল শেষ দিনে আরামবাগকে ৪–০ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলের শীর্ষে লিগে বরাবরই বিদেশি গোলদাতাদের দাপট দেখা যায়। সর্বশেষ মৌসুমে যেমন সর্বোচ্চ ২১ গোল ছিল স্যামুয়েল বোয়াটেংয়ের, ঘানার এই ফরোয়ার্ড রহমতগঞ্জের হয়ে খেলেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল ছিল সুলেমান দিয়াবাতের, মালির এই খেলোয়াড় ছিলেন মোহামেডানে।
২০২৩–২৪ মৌসুমে শীর্ষ তিন গোলদাতাই ছিলেন বিদেশি—কর্নেলিয়াস স্টুয়ার্ট (১৯), দিয়াবাতে (১৭) ও দরিয়েলতন (১৪)।
জাতীয় দলের ম্যাচের জন্য বারবার লম্বা বিরতি আর মাঝে জাতীয় নির্বাচনের কারণে এবারের বাংলাদেশ ফুটবল লিগ বেশির ভাগ সময়ই ছিল স্তব্ধ। শেষ পর্যন্ত লিগ শেষ হলেও ঢাকার বাইরের চার ভেন্যুতে ভালো মাঠ না পাওয়া অতৃপ্তি রয়ে গেছে খেলোয়াড়দের মনে। এর মাঝেই পরশু জাতীয় দলের নতুন কোচ টমাস ডুলি ঢাকায় এসেছেন। দু–এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি।
এ দিকে লিগ শেষ হলেও এএফসি চ্যালেঞ্জ লিগের টিকিট নিয়ে সৃষ্টি হয়েছে নাটকীয় পরিস্থিতি। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বা রানার্সআপ আবাহনী লিমিটেড—দু্ই দলের ওপরই ফিফার খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা আছে। ফলে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ে উত্তীর্ণ হওয়া ফর্টিস এফসি ও পুলিশ এফসিকে এবার এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে।