তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ওষুধ ব্যবসায়ীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

· Prothom Alo

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ থেকে ১২ বছর বয়সী তিন কন্যাশিশুকে দোকানে ডেকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন মজুমদার (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে পিটুনির ঘটনা ঘটে।

এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় আজ বুধবার দুপুরে একটি মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত জয়নালের বাড়ি একই গ্রামে। তিনি স্থানীয় একটি বাজারে ওষুধের দোকান চালান।

Visit bettingx.club for more information.

মামলার সংক্ষিপ্ত এজাহার, পুলিশ ও ভুক্তভোগী শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ওই তিন কন্যাশিশু জয়নালের ওষুধের দোকানের পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল। তখন জয়নাল তাদের ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে যান এবং কলা ও রুটি খেতে দেন। পরে তিন শিশুকে যৌন নিপীড়নের পাশাপাশি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিন শিশু দৌড়ে বাড়িতে চলে যায়।

স্থানীয় সূত্রে জানায়, জয়নালের হুমকির কারণে প্রথমে তিন শিশু ঘটনাটি চেপে যায়। পরে সন্ধ্যায় এক শিশু তার মাকে বিষয়টি জানালে দ্রুত বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে উত্তেজিত লোকজন সন্ধ্যায় জয়নালকে তাঁর দোকান থেকে আটক করে পিটুনি দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী এক শিশুর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই ওষুধ ব্যবসায়ীকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলের মধ্যে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Read full story at source