বিশ্বকাপ উন্মাদনায় চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচ
· Prothom Alo

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ঘর, অফিস, স্কুল—সব জায়গায় শুরু হয়ে গেছে উন্মাদনা। মাঠের খেলা শুরু হওয়ার আগে প্রিয় দলকে তর্কে-বিতর্কে কাপ জিতিয়ে দিচ্ছেন অনেকেই। তবে প্রিয় দল বিবেচনায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা এ দেশে বেশিই বলা যায়। এই ফুটবল বিশ্বকাপের উত্তেজনার রেশ পড়েছে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের মধ্যেও।
Visit saltysenoritaaz.org for more information.
সেই উন্মাদনাকে কাজে লাগিয়ে ঈদুল আজহার তৃতীয় দিন চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করেছে প্রীতি ফুটবল ম্যাচ। গত ৩০ মে রাত ৯টায় নগরীর চান্দগাঁওয়ে অবস্থিত ফরচুন স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’ ও ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামে দুই দলে ভাগ হয়ে অংশ নেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
ম্যাচ শুরু হওয়ার প্রথম মিনিটেই শান্ত বড়ুয়ার নৈপুণ্যে গোলকিপারকে বোকা বানিয়ে গোল দিয়ে এগিয়ে যায় ব্রাজিল দল। গোল পরিশোধে মরিয়া হয়ে আর্জেন্টিনা দল আক্রমণ বাড়িয়ে দেয়। স্ট্রাইকার রিজভী ইসলামের দূরপাল্লার শটে পরাস্ত হয় ব্রাজিলের গোলকিপার আফিফ ইব্রাহিম। এরপর অল্প সময়ের ব্যবধানে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিজভী ইসলাম। এর মধ্য দিয়ে ৩-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
খেলার একটি দৃশ্যম্যাচের দ্বিতীয়ার্ধ্বে পরপর দুই গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্ত বড়ুয়া। এর মধ্য দিয়ে ম্যাচে সমতায় ফেরে ব্রাজিল। আর্জেন্টিনা দলের অধিনায়ক ইব্রাহিম তানভীরের প্রচেষ্টা ব্যর্থ হলেও অধিনায়ককে নিরাশ না করে গোল করে দলকে এগিয়ে নেন আতৃহার রহমান, স্কোর দাঁড়ায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ৪ এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠী ৩ গোল। কিছুক্ষণ পর ব্রাজিলের ফরোয়ার্ড মাসুদ রানার চোখধাঁধানো গোলে টান টান উত্তেজনা আসে ম্যাচে। সমতায় ফেরে ব্রাজিল।
ব্রাজিল দলের মিডফিল্ডার ফাহিম উদ্দিন আক্রমণাত্মক হয়ে দূরপাল্লার শট দিতে থাকলেও হঠাৎ কৌশল অবলম্বন করে মাঝমাঠে সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। ফলে আবারও পরপর দুর্দান্ত দুই গোল করে নিজের ঝুলিতে পাঁচ গোল জমা করেন রিজভী ইসলাম। ৬-৪ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল দলের ডিফেন্ডার শিহাব জিশান ও ইরফাতুর রহমান গোলপোস্টের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালেও আর্জেন্টিনার স্ট্রাইকাররা তাঁদের পরাস্ত করে ডি-বক্সে ঢুকে যেতে সক্ষম হন।
অপর দিকে আর্জেন্টিনার গোলপোস্টে আরেক প্রাচীর তৈরি করেন ডিফেন্ডার অদ্রিক রায় ও গোলকিপার সাকিব জিশান। সেই প্রাচীর ভেদ করে ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্স থেকে ইরফাতুর রহমানের বাড়ানো বলে মাসুদ রানা বোকা বানান আর্জেন্টিনা দলের গোলরক্ষক সাকিব জিশানকে। দলকে এনে দেন আরও একটি গোল। আর্জেন্টিনা দলের রাইট উইং রাজু দাশ ও লেফট উইং শাওন রায় শেষের দিকে গোলের সুযোগ তৈরি করলেও গোল বঞ্চিত হন। রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয় ম্যাচের শেষ মিনিটে। শেষ বাঁশির কিছু সময় আগে নিজের চতুর্থ গোল করে ব্রাজিল দলের ত্রাণকর্তা হয়ে ওঠেন শান্ত বড়ুয়া। ম্যাচের ফলাফলে চলে আসে সমতা। ম্যাচ শেষ হয় ৬-৬ ব্যবধানে ড্র নিয়ে।
খেলার একটি দৃশ্যআর্জেন্টিনা দলে আরও ছিলেন বন্ধু আবদুল্লাহ আল মাসুম ও ফাহিম শেখ। অপর দিকে ব্রাজিলের হয়ে আরও ছিলেন বন্ধু নুরুজ্জামান খান ও তৌসিফ।
ম্যাচ শেষে চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় চট্টগ্রাম বন্ধুসভাও শামিল হয়েছে। এভাবে বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। আর ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দল চ্যাম্পিয়ন হয়ে হেক্সা মিশন পূরণ করবে।’
সহসভাপতি ইব্রাহিম তানভীর বলেন, ‘বিশ্বকাপ কে জিতবে, সেটি সময়ই বলে দেবে। মেসির হাতে বিশ্বকাপ নিজের সময়ে দেখার সুযোগ হয়েছে। এবারও আমরা আর্জেন্টিনা নিয়ে আশাবাদী। বন্ধুদের বন্ধন দৃঢ় করার জন্য খেলাধুলার আয়োজন এভাবে চলতেই থাকবে।’
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা