সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নানা-নাতিসহ নিহত ৪, আহত ১৫

· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া বাক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বৈশামুড়া এলাকায় লোকজনের ভিড় তৈরি হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানজট দেখা দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে ধীরগতিতে যানবাহন চলাচল করছিল। পরে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Visit likesport.biz for more information.

নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম–পরিচয় জানা গেছে। তাঁরা হলেন উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫) ও তাঁর মেয়ের দিকের নাতি আলিফ মিয়া (৭)। এ ছাড়া আলিফের দুই ভাই তাজিম (২), আজমাইন (৯) ও মা রিকতা আক্তার (৪০) আহত হয়েছেন। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাগামীর দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে বৈশামুড়া বাক এলাকায় পৌঁছে এটি পণ্যবাহী একটি ট্রাককে অতিক্রম করে। এ সময় অতিরিক্ত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের চার যাত্রী।

দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সরাইল ইউনিট ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা লাশ নিজ জিম্মায় বাড়িতে নিয়ে যান।

দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান বলে জানান হাইওয়ে পুলিশের সিলেটে অঞ্চলের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম। তিনি আজ বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। খাদে পড়া বাসটি উদ্ধারে প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read full story at source