স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন করে সুবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
· Prothom Alo

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলায় থাকা বিশ্ববিদ্যালয়ের একটি অস্থায়ী ক্যাম্পাসে এই বিক্ষোভ করেন তাঁরা।
Visit palladian.co.za for more information.
জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয় ২০২০ সালের ১৮ নভেম্বর। এরপর ২০২৪ সালের ৩ নভেম্বর ১২৮ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হয়। জেলা শহর সুনামগঞ্জ থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটসহ কয়েকটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম চলছে। বর্তমানে সুবিপ্রবিতে দুটি ব্যাচের শিক্ষার্থী রয়েছেন। আগামী মাসে নতুন আরেকটি ব্যাচ ভর্তি হবে।
শান্তিগঞ্জ উপজেলায় হাজী আকরাম আলী দাখিল মাদ্রাসায় থাকা সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভকালে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। শিক্ষার্থীরা কয়েকটি প্রতিষ্ঠানে ছড়িয়ে–ছিটিয়ে ক্লাস করছেন। এতে ভোগান্তি আছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ কার্যক্রম চলছে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান। এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে মানসম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, ইমতিয়াজ হাসান (ইলিয়াস), জি এম তাইমুম, লাবনি দাস, আবদুর রহমান (নিশাদ), শাহরিয়ার খান, হৃদয় আহমেদ, ফরায়েজি মাহেদী প্রমুখ।
বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. নিজাম উদ্দিন গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে সর্বশেষ অবস্থা তাঁদের অবহিত করেন। উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমি বিষয়টি নিয়ে সম্প্রতি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। জায়গা নির্ধারণ হয়েছে। এখন এটি প্রি-একনেক পর্যায়ে আছে। কাজটি যাতে দ্রুত এগোয়, এ জন্য জেলার সংসদ সদস্যরাও আন্তিরকভাবে চেষ্টা করছেন।’