রংপুরে বাসের সামনের চাকা ফেটে খাম্বায় ধাক্কা, একজন নিহত
· Prothom Alo

ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা বিকট শব্দে ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের পাশে থাকা একটি খাম্বায় সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মিঠাপুকুর উপজেলার দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর সদরের পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাস ঢাকা–রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলছিল। মিঠাপুকুরের দমদমা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাম্বায় সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শামসুন্নাহার (৩৫) নামে এক নারী নিহত হন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসরু মিয়ার স্ত্রী।
Visit saltysenoritaaz.com for more information.
খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যাত্রী জহুরুল হক বলেন, ‘মডার্ন মোড় থেকে বাসে উঠছিলাম। দমদমা এলাকায় হঠাৎ চাকা পাংচার হয়ে যায়। এরপর সেটি পিলারে ধাক্কা খায়। আল্লাহ সহায় ছিলেন বলে বেঁচে আছি।’
মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ উদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।