বাজেট বরাদ্দে ‘ইউজিসির বৈষম্যের’ প্রতিবাদে জকসুর মানববন্ধন
· Prothom Alo

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত বাজেট বৃদ্ধির দাবিতে’ মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
আজ সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
Visit afrikasportnews.co.za for more information.
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইউজিসি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগের অর্থবছরে বরাদ্দ ছিল ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।
মানববন্ধনে অংশ নেওয়া জকসুর প্রতিনিধিরা জানতে চান, বিএনপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ন্যায্য অধিকার ও উন্নয়নের ক্ষেত্রে এখনো বৈষম্যের শিকার।
মানববন্ধনে জকসুর নেতারা অভিযোগ করেন, শুধু খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৭ বছর উল্লেখযোগ্য কোনো বাজেট পায়নি। শেখ হাসিনার আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বৈষম্য শিকার হয়েছিল, ৫ আগস্ট–পরবর্তী সময়ে একই বৈষম্যের শিকার হচ্ছে।
জকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে নতুন যেসব বিশ্ববিদ্যালয় হচ্ছে, তাদের বাজেট আমাদের চেয়ে বেশি। তাহলে কী আমরা ধরে নেব জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি দ্বিতীয় শ্রেণির বিশ্ববিদ্যালয়?’
জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা ধরনের বৈষম্যের স্বীকার। এমন অনেক বিভাগ আছে, যেখানে মাত্র পাঁচ থেকে ছয়জন শিক্ষক দিয়ে বিভাগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও বৈষম্যের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও রাষ্ট্র এই বৈষম্যের অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ নেবে।’
জকসুর পরিবহনবিষয়ক সম্পাদক মাহিদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ, আমাদের যে বাজেট দেওয়া হয়েছে, তা যেন পুনর্বিবেচনা করে দ্বিগুণ করা হয়।’
মানববন্ধনের সমাপনী বক্তব্যে জকসু সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, যদি ন্যায্য অধিকার না দেওয়া হয়, তাহলে জকসু সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।