দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া লরিতে আটকে ছিলেন আহত চালক, পৌনে এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার

· Prothom Alo

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে একটি কনটেইনারবাহী লরি। দুর্ঘটনায় আহত হয়ে রক্তাক্ত অবস্থায় নিজের আসনে আটক পড়েন লরির চালক। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. নিজাম উদ্দিন (৫০)। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আরিফুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীও আহত হন। উদ্ধারকাজ চলাকালে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বন্ধ ছিল।

Visit forestarrow.rest for more information.

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই এলাকার ঢাকামুখী লেনের একটি সংযোগ সড়কের পাশে ট্রাক থামান এক চালক। পরে ওই চালক দিকনির্দেশনা জানতে এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কনটেইনারবাহী লরি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং লরিচালক নিজাম উদ্দিন চালকের আসনে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর লরির একটি অংশ কেটে চালককে বের করে আনা হয়। দুর্ঘটনায় ট্রাকটির পাশে থাকা মোটরসাইকেলের আরোহী আরিফুর রহমানও আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুর্ঘটনার পর যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন এক পুলিশ সদস্য। আজ সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্লা মং মারমা বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, লরির চালক গুরুতর আহত অবস্থায় নিজের আসনে আটকা পড়ে আছেন। তাঁর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। উদ্ধারকারী দলের সদস্যরা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে জীবিত উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, আহত চালককে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ডান হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কোমরের নিচের অংশে গুরুতর আঘাত রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Read full story at source