বাবার সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

· Prothom Alo

প্রতিদিনের মতো বাবার মোটরসাইকেলের পেছনে বসে বিদ্যালয়ে যাচ্ছিল ১৩ বছর বয়সী কুশল সরকার। স্কুলে পৌঁছে ক্লাসে বসার কথা ছিল তার। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি। সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের চাপায় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হন তার বাবা কানাই লাল সরকার।

Visit lej.life for more information.

আজ বুধবার সকাল ৯টার দিকে খুলনা–পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তাঁর বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তাঁদের গ্রামের বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির কারণে পরিবারের বসবাস খুলনার চুকনগরে। কুশলের মা–বাবা দুজনই শিক্ষক।

নিহত বিদ্যালয়ছাত্রের বাবা কানাই লাল সরকারকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়

স্থানীয় বাসিন্দা আবদুর সবুর বলেন, আজ সকালে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে তালায় বিদ্যালয়ে যাচ্ছিলেন। শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তার বাবা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তালা থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read full story at source