রাঙামাটিতে ইয়াবাসহ গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার
· Prothom Alo

রাঙামাটিতে তিন হাজার ইয়াবা বড়িসহ গণ অধিকার পরিষদের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে জেলার কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইয়াবা উদ্ধারের ঘটনাটি জানায় পুলিশ।
Visit h-doctor.club for more information.
গ্রেপ্তার গণ অধিকার পরিষদের নেতার নাম জলমনি চাকমা (৪৯)। তিনি সংগঠনটির জেলা শাখার সহসভাপতি। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)। তিনি বিলাইছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে গতকাল রাতে মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি ওই এলাকায় ইয়াবা বিক্রি করতে এসেছিলেন। তাঁদের তল্লাশি করে ইয়াবা বড়িগুলো পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ। এ সময় তারেক সেকেন্দার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। ওই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, ইয়াবার উৎস ও সরবরাহের ‘রুট’ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।