চাঁদপুরে শত্রুতার জেরে দোকানে আগুন দেওয়ার অভিযোগ

· Prothom Alo

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নাসির উদ্দিন নামের এক ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Visit playerbros.org for more information.

স্থানীয় ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে নাসির উদ্দিন তাঁর মুদিদোকান বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে কে বা কারা দোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি দোকানে থাকা একটি ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

আগুন ছড়িয়ে পাশের একটি ঘরেও ক্ষয়ক্ষতি হয়। ওই ঘরে থাকা একটি হালের গরু দগ্ধ হয়ে মারা যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাসির উদ্দিনের অভিযোগ, এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর পূর্বশত্রুতা ও বিরোধ আছে। তাঁদের মধ্যে কেউ শত্রুতার জেরে দোকানটিতে আগুন দিয়ে থাকতে পারেন।

নাসির উদ্দিন বলেন, তিনি ধারদেনা ও ঋণ করে দোকানটি গড়ে তুলেছিলেন। সেটি পুড়ে যাওয়ায় তিনি এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামলা করবেন বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Read full story at source