কুমিল্লায় ছাত্রদল নেতাকে এসপি, ‘যাঁকে আপনার পছন্দ হয় না, তাঁকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

· Prothom Alo

কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের সঙ্গে স্থানীয় এক ছাত্রদল নেতার তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এ ঘটনার একাধিক ভিডিও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তর্কের একপর্যায়ে কুমিল্লার এসপি মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি। যাঁকে আপনার পছন্দ হয় না, তাঁকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারণ হবে।’

Visit rouesnews.click for more information.

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়।

জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই আন্দোলনে ঢাকায় নিহত লাকসামের জিসানের বাবা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম

এ বক্তব্যের সূত্র ধরে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পুলিশ সুপারকে বলেন, ‘আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা ফিরে এসেছে। আপনি তাঁদের গ্রেপ্তার করছেন না। আমরা তথ্য দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জিসানের বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।’

এর জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জিসান ঢাকায় নিহত হয়েছেন এবং এ ঘটনায় ঢাকায় মামলা হয়েছে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরিবর্তে তথ্যপ্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। এটি রাজনৈতিক মঞ্চ নয়, তথ্য ছাড়া এভাবে অভিযোগ করা সমীচীন নয়।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে কুমিল্লার পুলিশ সুপার দাবি করেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বর্তমানে পুলিশ পেশাদারত্বের সঙ্গে হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমন সময়ে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।

ফখরুল ইসলাম, ছাত্রদল নেতাপুলিশ সুপারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রমাণ থাকলে অনেক আগেই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।

গত বছরের ৩০ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন মো. আনিসুজ্জামান। ওই বক্তব্যে নিজেকে ছাত্রদলের সাবেক কর্মী হিসেবে উল্লেখ করার বিষয়ে তিনি বলেন, তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উদাহরণ হিসেবে তিনি বিষয়টি বলেছেন। তবে চাকরিতে যোগদানের পর থেকে তিনি পেশাদারত্বের সঙ্গেই দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপারের দাবি, ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় হওয়া বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ আছে। তিনি কুমিল্লায় যোগদানের পর মামলা–বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ওই নেতা পুলিশকে নিয়ে ঢালাও অভিযোগ করছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘পুলিশ সুপারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রমাণ থাকলে অনেক আগেই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।’

Read full story at source