এ সপ্তাহে: কোন ঘটনা কেন গুরুত্বপূর্ণ
· Prothom Alo

নতুন সপ্তাহে কী ঘটতে পারে, কোন খবরগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং কোথায় নজর রাখা দরকার—সপ্তাহের শুরুতেই তা একবার দেখে নেওয়া যাক। রাজনীতি ও অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব পরিস্থিতি, খেলা, বিনোদন ও ইতিহাস—সামনের সাত দিনের উল্লেখযোগ্য বিষয়গুলো থাকছে এই আয়োজনে।
Visit mwafrika.life for more information.
নতুন সপ্তাহ শুরু হলো আজ রোববার। ৯ থেকে ১৫ আগস্ট—এই সাত দিনে দেশে রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি নির্বাচন, ঢাকা-দিল্লি সম্পর্ক, মূল্যস্ফীতির দিকে নজর থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গাজা নিয়ে নতুন সমঝোতার চেষ্টা, ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য।
খেলার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নামবে বাংলাদেশ। আর বিনোদনজগতে নতুন সিনেমা, ওটিটি কনটেন্ট ও ঢাকার সাংস্কৃতিক আয়োজন নিয়ে আগ্রহ থাকবে। ঐতিহাসিকভাবেও সপ্তাহটি গুরুত্বপূর্ণ। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, বার্লিন প্রাচীর নির্মাণ, দেশভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বার্ষিকী পড়েছে এই সপ্তাহে।
রাষ্ট্রপতি পদে কে হচ্ছেন প্রার্থী
নতুন সপ্তাহে দেশের রাজনীতির কেন্দ্রে থাকবে রাষ্ট্রপতি নির্বাচন। ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার পরই স্পষ্ট হবে, ক্ষমতাসীন বিএনপি কাকে প্রার্থী করছে এবং ভোটের প্রয়োজন হবে কি না? মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদে ভোট হবে। বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আছে। তবে নিশ্চিত করে এখনো কিছুই বলা যাচ্ছে না।রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এ ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেনি। তাই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
রাষ্ট্রপতি নির্বাচন: কারা হতে পারেন প্রার্থী, কীভাবে হয় ভোটদেশের রাজনীতিতে নতুন উত্তাপ
যদিও গত সপ্তাহের ঘটনা, তারপরও নতুন সপ্তাহেও রাজনীতির অন্যতম আলোচিত বিষয় থাকবে ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং এর প্রতিক্রিয়া। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং ভারত থেকে তাঁর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
ভারত জানিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আয়োজনটি ছিল বেসরকারি, এর সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই। তাঁকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। ফলে এ সপ্তাহে শুধু দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নয়, ঢাকা-দিল্লি সম্পর্কেও নজর থাকবে।
হাসিনাকে ঘিরে ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনাগণ-অভ্যুত্থানের দুই বছর: কী বদলেছে
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘিরে আনুষ্ঠানিক আয়োজন প্রায় শেষ। কিন্তু আন্দোলনের অর্জন, অপূর্ণতা এবং দুই বছরে রাষ্ট্র ও রাজনীতিতে কতটা পরিবর্তন এসেছে, সে আলোচনা এখনো শেষ হয়নি।
এ নিয়ে গত সপ্তাহে প্রথম আলো আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন—এমন কয়েকজনের সাক্ষাৎকার ছেপেছে। এ নিয়ে নানা আলোচনা আরও কিছুদিন থাকবে বলেই মনে করা হচ্ছে। সাক্ষাৎকারগুলো দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। যাঁরা এখনো পড়েননি, তাঁরা পড়বেন আশা করি।
নতুন অর্থবছরের প্রথম মাসের হিসাব
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস শেষ হয়েছে। জুলাইয়ের রপ্তানি, প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য পাওয়া গেলেও মূল্যস্ফীতি, রাজস্ব আদায় ও উন্নয়ন ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশিত হয়নি। ফলে নতুন সপ্তাহে সবচেয়ে বেশি নজর থাকবে জুলাইয়ের মূল্যস্ফীতিতে। জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। জুলাইয়ে খাদ্যের দাম, সার্বিক মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধান কমেছে কি না, নতুন তথ্যে তা বোঝা যাবে।
বৈদেশিক খাতের প্রাথমিক চিত্র মিশ্র। জুলাইয়ে পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৪৭৩ কোটি ডলারের, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ১ শতাংশ কম। বিপরীতে প্রবাসী আয় ১৫ শতাংশ বেড়ে ২৮৫ কোটি ডলার হয়েছে। ৪ আগস্ট মোট রিজার্ভ ছিল ৩ হাজার ৬৫৯ কোটি ডলার; বিপিএম-৬ পদ্ধতিতে ৩ হাজার ১৭৮ কোটি ডলার। অর্থাৎ প্রবাসী আয় ও রিজার্ভে স্বস্তি থাকলেও রপ্তানির দুর্বলতা নতুন অর্থবছরের শুরুতেই উদ্বেগ তৈরি করেছে।
জীবনযাপনে যেসব বিষয়ে নজর থাকবে
নতুন সপ্তাহে সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল আংশিক চালুর পর সরবরাহ দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুটে উঠেছে। তবে টার্মিনালটি এখনো পূর্ণ সক্ষমতায় ফেরেনি। ফলে গ্যাসের সংকট ও লোডশেডিং কতটা কমে এবং ১০ আগস্টের লক্ষ্য অনুযায়ী মেরামত শেষ হয় কি না, সেদিকে নজর থাকবে।
পাইপলাইনে গ্যাস না থাকায় এলপিজি সিলিন্ডারের গ্যাসে রান্না করছেন এক গৃহিণী।এলপিজির খরচও বেড়েছে। ২ আগস্ট ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজারে এর চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, ক্রেতাদের তা খেয়াল রাখা প্রয়োজন।
নিত্যপণ্যের বাজারেও স্বস্তি নেই। বন্যায় বিভিন্ন জেলায় ফসল ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় চাল, আটা, ডিম ও সবজির দাম বেড়েছে। এ সপ্তাহে নতুন সবজির সরবরাহ বাড়ে কি না এবং চাল ও ডিমের দাম কমে কি না, তা দেখতে হবে।
আবহাওয়ার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। আগস্টে স্বাভাবিকের চেয়ে দিন ও রাতের তাপমাত্রা বেশি থাকতে পারে। বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পাশাপাশি উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। নদীর পানি, পাহাড়ধসের সতর্কতা এবং স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেখে ভ্রমণ ও কৃষিকাজের পরিকল্পনা করা ভালো।
বৃষ্টি ও গরমের এ সময়ে ডেঙ্গুর ঝুঁকিও উপেক্ষা করা যাবে না। বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও নির্মাণাধীন ভবনে পানি জমছে কি না, নিয়মিত পরীক্ষা করা দরকার। জ্বর হলে শুধু নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু তথ্য অনুসরণ করা প্রয়োজন।
গ্যাস সরবরাহ বেড়েছে, সংকট কাটেনিহরমুজ নিয়ে সমঝোতা হবে কি
৪ থেকে ৭ আগস্টের আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমান প্রাথমিক অগ্রগতি করলেও মাশুল, তদারকি ও ইরানের নিয়ন্ত্রণ নিয়ে মতভেদ রয়েছে। ৮ আগস্ট ইরান জানায়, প্রণালি খুলে দেওয়া নির্ভর করবে যুক্তরাষ্ট্র তাদের শর্ত মানে কি না। একই দিনে ইরানি হামলার অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত।
এ সপ্তাহে সমঝোতা, জাহাজ চলাচল এবং নতুন হামলার দিকে নজর থাকবে। সংকট চললে বাংলাদেশের জ্বালানি ও এলএনজি আমদানির ব্যয়, বিদ্যুৎ-গ্যাস সরবরাহ এবং মূল্যস্ফীতিতে চাপ বাড়তে পারে।
গাজা: চুক্তি বাস্তবায়নের বড় বাধা
গাজা পরিস্থিতি এ সপ্তাহেও আন্তর্জাতিক অঙ্গনের প্রধান বিষয়গুলোর একটি থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে অগ্রগতির দাবি করলেও কোনো চূড়ান্ত সমঝোতা কার্যকর হয়নি। হামাস বলছে, ইসরায়েল আগে হামলা বন্ধ, সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করলে অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া এগোতে পারে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান, হামাস নিরস্ত্র হওয়ার আগে সেনা প্রত্যাহার করা হবে না।
সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার ও জর্ডান গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেছে। ইসরায়েলের অভিযোগ, হামাস আবার অস্ত্র ও সদস্য সংগ্রহ করছে। ইসরায়েল আন্তর্জাতিক বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিলেও তা এখনো মোতায়েন হয়নি। ফলে এ সপ্তাহে হামলা বন্ধ, হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তার অগ্রগতিতে নজর থাকবে।
ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশলইউক্রেন: হামলা বাড়ছে, শান্তি আলোচনা স্থবির
ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চললেও শান্তি আলোচনায় এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। ট্রাম্প-জেলেনস্কির সাম্প্রতিক বৈঠকের পর কোনো সুনির্দিষ্ট নতুন প্রস্তাব ঘোষণা করা হয়নি। এর মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা হামলা বেড়েছে। ৮ আগস্ট রাশিয়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৫১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ইউক্রেন জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিইউক্রেন বলছে, মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সরবরাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিল পাস হলেও প্রতিনিধি পরিষদের অনুমোদন বাকি। ফলে এ সপ্তাহে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাসহায়তা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগের দিকে নজর থাকবে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে তেল, গ্যাস, সার ও খাদ্যশস্যের বাজারে নতুন অস্থিরতা তৈরি হলে তার প্রভাব বাংলাদেশের আমদানি ব্যয়েও পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য
এই সপ্তাহে বিশ্ব অর্থনীতির নজর থাকবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর সূচি অনুযায়ী, ১২ আগস্ট জুলাইয়ের ভোক্তা মূল্যসূচক এবং ১৩ আগস্ট জুলাইয়ের উৎপাদক মূল্যসূচক প্রকাশিত হবে। ১৪ আগস্ট প্রকাশিত হবে জুনের খুচরা বিক্রির সংশোধিত সময়সূচির তথ্য। এসব উপাত্ত যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
মূল্যস্ফীতি বাড়লে যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা পিছিয়ে যেতে পারে। এতে ডলার আরও শক্তিশালী এবং উন্নয়নশীল দেশের মুদ্রা দুর্বল হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে ডলারের দাম, বৈদেশিক ঋণ, আমদানি ব্যয় ও রিজার্ভের ওপর।
নজরে জাম্বিয়াসহ তিন দেশের নির্বাচন
এ সপ্তাহে বিশ্বের তিনটি নির্বাচন নজরে থাকবে।
১১ আগস্ট হাঙ্গেরির রাষ্ট্রপতি নির্বাচন: জনগণের সরাসরি ভোটে নয়, পার্লামেন্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। ক্ষমতাসীন তিসা পার্টি সাবেক সুপ্রিম কোর্টপ্রধান আন্দ্রাশ বাকাকে প্রার্থী করেছে। ভিক্তর অরবানের ১৬ বছরের শাসন অবসানের পর নির্বাচনটি গুরুত্বপূর্ণ।
১২ আগস্ট কুক দ্বীপপুঞ্জের পার্লামেন্ট নির্বাচন: পার্লামেন্টের ২৪টি আসনে ভোট হবে। খাদ্য, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় নির্বাচনের প্রধান বিষয়।
১৩ আগস্ট জাম্বিয়ার সাধারণ নির্বাচন: একই দিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে। প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয় মেয়াদ চাইছেন। তাঁর অর্থনৈতিক ব্যবস্থাপনা, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সেদিকে নজর থাকবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কঠিন পরীক্ষা
হারের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনখেলার মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং–ব্যর্থতার পর দলের প্রস্তুতি ও সম্ভাব্য একাদশ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সনির্ভর উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা কীভাবে মানিয়ে নেন, সেটিই হবে বড় পরীক্ষা।
বিনোদনে সিনেমা ও ওটিটি
বিনোদনজগতে এই সপ্তাহে আন্তর্জাতিক সিনেমা ও ওটিটিতে বেশ কয়েকটি নতুন কনটেন্ট আসবে। মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক আলোচিত সিনেমা ‘মাইকেল’ ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের স্টারজে স্ট্রিমিং শুরু করার কথা। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।
‘মাইকেল’ সিনেমার পোস্টারওটিটিতে এ সপ্তাহে বাংলাদেশি দর্শকের জন্য আসছে দুটি উল্লেখযোগ্য সিরিজ। প্রাইম ভিডিওতে ১২ আগস্ট মুক্তি পাবে ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের প্রথম তিনটি পর্ব। নেটফ্লিক্সে ১৩ আগস্ট আসবে কমেডি সিরিজ ‘টায়ার্স’-এর তৃতীয় মৌসুম। ডিসি ইউনিভার্সের নতুন সিরিজ ‘ল্যান্টার্নস’ এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে ১৬ আগস্ট।
ফিরে দেখা: ইতিহাসের ঘটনাবহুল সপ্তাহ
ঐতিহাসিক নানা ঘটনার জন্যও এ সপ্তাহটি গুরুত্বপূর্ণ।
৯ আগস্ট: নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮১ বছর। পারমাণবিক অস্ত্র ও যুদ্ধের মানবিক পরিণতি বোঝার ক্ষেত্রে দিনটি গুরুত্বপূর্ণ।
একই দিন বিশ্ব আদিবাসী জনগোষ্ঠীর আন্তর্জাতিক দিবস।
১২ আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস।
১৩ আগস্ট: বার্লিন সীমান্ত বন্ধ ও বার্লিন প্রাচীর নির্মাণ শুরুর ৬৫ বছর। এটি ঠান্ডা যুদ্ধ ও বিভক্ত ইউরোপের অন্যতম প্রধান প্রতীক।
একই দিনে চলচ্চিত্রকার আলফ্রেড হিচককের জন্মবার্ষিকী ও কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ।
১৪ আগস্ট: পাকিস্তানের স্বাধীনতার ৭৯ বছর।
১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৫১ বছর—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা।
একই দিনে ভারতের স্বাধীনতার ৭৯ বছর এবং ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের ঘোষণা, যা এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পথ তৈরি করে। এদিন নেপোলিয়ন বোনাপার্টেরও জন্মবার্ষিকী।