মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ৪
· Prothom Alo

রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তারা বলছে, অন্যদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
Visit moryak.biz for more information.
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় বনানী থানা-পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা হলেন—সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
বনানী থানা–পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন ব্যক্তি জড়ো হন। তাঁরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেয়। তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। এ ছাড়া স্থানীয়দের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের মধ্যে মোট চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় বনানী থানা–পুলিশ।