শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে মিছিল
· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে শরীয়তপুরের গঙ্গানগর বাজারে মিছিল ও পথসভা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুটি কর্মসূচিতে অন্তত ৫ শতাধিক স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থক উপস্থিত হন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
ওই কর্মসূচিতে স্লোগান ও বক্তব্য দিতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালীকে। তিনি শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা।
Visit palladian.co.za for more information.
ওই মিছিল ও সমাবেশের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ওই ভিডিও তাঁদের ফেসবুকে পোস্ট করেছেন।
মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ওই মিছিল ও সংক্ষিপ্ত পথসভা আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে মিছিল করা হয়। মিছিলটিতে মিথুন ঢালী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সম্পর্কে নানা ধরনের স্লোগান দেন। সেই স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মী ও সমর্থকেরাও স্লোগান দেন। তখন তাঁদের হাতে জাতীয় পতাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা ছিল।
মিছিল শেষে বাজারের শেষ প্রান্তে গিয়ে গঙ্গানগর-কাজিরহাট সড়কে সংক্ষিপ্ত পথসভা করা হয়। এ সময় বক্তব্য দেন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মিছিল ও সংক্ষিপ্ত পথসভার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ডোমসার-গঙ্গানগর-কাজিরহাট সড়কের দক্ষিণ প্রান্ত থেকে একটি মিছিল গঙ্গানগর বাজারে প্রবেশ করেছে। মিছিলের সামনে একটি ব্যানার রাখা হয়েছে। এতে লেখা ছিল ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৬, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’। ব্যানারটিতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের পরিবারের সব সদস্যের ছবি ছিল। এ ছাড়া শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক আলী শিকদারের ছবি ছিল।
মিছিলটি শেষ করে বাজারের শেষ প্রান্তে সড়কের ওপর দাঁড়িয়ে পথসভা করা হয়। সংক্ষিপ্ত ওই সভায় মিঠুন ঢালীকে বক্তব্য দিতে দেখা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এ সময়গুলোয় প্রকাশ্যে আর ওই সংগঠনকে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় ঝটিকা মিছিল, অল্প সময়ের জন্য সড়ক অবরোধ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিভিন্ন দিবসে এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করেছে। এসব কর্মসূচির পরে পুলিশ বিভিন্ন থানায় দলটির নেতাদের নামে মামলা করেছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার নেতৃত্বে শরীয়তপুরে মিছিল করা হয়েছে—এমন তথ্য আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।’