শ্রাবণের এক বিকেলে
· Prothom Alo

শ্রাবণের টানা কয়েক দিনের বৃষ্টিতে চারপাশ তখন ভেজা ভেজা। আকাশজুড়ে মেঘের আনাগোনায় দিন পার হচ্ছিল। এরই মধ্যে ৭ আগস্ট শ্রাবণের এমনই এক বিকেলে নোয়াখালী বন্ধুসভা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজন করে ‘শ্রাবণের এক বিকেলে’ শিরোনামে বন্ধু আড্ডা ও বছরের ১৫তম পাঠচক্র। তবে এদিন বৃষ্টি নামেনি আকাশ থেকে; বরং মেঘের ফাঁকে নরম আলো আর মন ভালো করা আবহে সাজানো ছিল বিকেলটি। সেই সুন্দর বিকেলেই সাহিত্য, গান, কবিতা আর গল্পে গল্পে মুখর হয়ে ওঠে আয়োজন।
একে একে বন্ধুরা আসতে শুরু করেন। শ্রাবণ এলেই বৃষ্টির গল্প আসে, আসে ভেজা দুপুর, মেঘলা আকাশ আর পুরোনো দিনের স্মৃতি। বর্ষাকে ঘিরে বন্ধুদের কথায় উঠে আসে অনেক স্মৃতি।
Visit sportbet.reviews for more information.
এক ফাঁকে শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’ উপন্যাস নিয়ে পাঠচক্র। তৎকালীন সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবন, সামাজিক অবস্থান ও মূল্যবোধের সংঘাতকে ঘিরে লেখা উপন্যাসটির নানা দিক নিয়ে কথা বলেন বন্ধুরা। কুমুদিনী ও মধুসূদনের সম্পর্ক, তাদের মানসিক টানাপোড়েন, পারিবারিক পরিবেশ এবং সেই সময়ের সমাজবাস্তবতা নিয়ে চলে প্রাণবন্ত আলোচনা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণদিবস উপলক্ষে তাঁর সাহিত্যকর্মগুলো নিয়ে হয় আলোচনা। উপদেষ্টা ও সাবেক সভাপতি সুমন নূর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলো বাঙালিদের জীবনের সঙ্গে এমনভাবে গেঁথে আছে, যা কখনো হারিয়ে যাওয়ার নয়। তিনি বাংলা সাহিত্যকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন।’
পাঠচক্র শেষে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরাএদিন কবিগুরুর জীবন, সাহিত্য, গান, কবিতা ও সৃষ্টিকর্ম নিয়ে বন্ধুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। মজার মজার প্রশ্নে আড্ডা আরও জমে ওঠে। দুজন বিজয়ী হন। বিজয়ী দুজনই ছিলেন নতুন বন্ধু। তাঁরা হলেন রাবেয়া বসরি ও নুসরাত জাহান।
এরপর আড্ডা গড়ায় গান ও কবিতার দিকে। কবিতা আবৃত্তি করেন সাধারণ সম্পাদক সানি তামজিদ, গান গেয়ে শোনান অর্থ সম্পাদক সাহেদুল ইসলাম ও বন্ধু রাবেয়া বসরি। উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু ও শিল্পকলা একাডেমির নাট্যপ্রশিক্ষক হাসান নাহিদ। তিনি বন্ধুসভার থিম গানটি গেয়ে আড্ডা আরও জমিয়ে তোলেন। বন্ধুদের সম্মিলিত কণ্ঠে আরও কয়েকটি গান ধ্বনিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি আসিফ আহমেদ, সহসভাপতি মো. শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র কুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা কানিজ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা, বন্ধু পেয়ারুল ইসলামসহ অনেকে।
সভাপতি, নোয়াখালী বন্ধুসভা