ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু, কানে ছিল হেডফোন
· Prothom Alo

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. ইলিয়াস (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাত আটটার দিকে উপজেলার শাহাগোলা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
Visit mchezo.co.za for more information.
নিহত তরুণের বাড়ি আত্রাই উপজেলার চাপড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও সান্তাহার রেলওয়ে থানা–পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ওই তরুণ শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা–পুলিশ।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।