ঈশ্বরগঞ্জে পিডিবি কার্যালয়ে হামলা-ভাঙচুর, প্রকৌশলীকে মারধর

· Prothom Alo

প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয়রা। এ সময় পিডিবির এক উপসহকারী প্রকৌশলীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে বিক্ষুব্ধ লোকজন সেখান থেকে চলে যান।

Visit newsbetsport.bond for more information.

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ আগস্ট রাতে পৌর এলাকার শিমরাইল গ্রামের একটি ট্রান্সফরমার নষ্ট হয়। এর পর থেকে গ্রামটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। আজ বেলা ১১টার দিকে গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ বাসিন্দা পিডিবি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করা হয়।

হামলার একপর্যায়ে কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করা হয়

স্থানীয় বাসিন্দা সজিব মিয়া, নূরুল হক, আতিকুল ইসলাম ও জহিরুল ইসলামের অভিযোগ, নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলে পিডিবির আবাসিক প্রকৌশলীকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এক সপ্তাহেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে পিডিবি কার্যালয়ে যান।

তবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম। হামলায় আহত এই কর্মকর্তা বলেন, ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে লাইনের সংযোগ ও মেরামতের কাজে লাইনম্যানদের কিছু খরচাপাতি সব জায়গায় দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় এক মাস আগেও একই গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়েছিল। তখন নতুন ট্রান্সফরমারের পরিবর্তে পুরোনো একটি ট্রান্সফরমার দেওয়া হয়। কিছুদিন পর সেটিও নষ্ট হয়ে যায়। বারবার পুরোনো ট্রান্সফরমার দেওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

পিডিবি ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হওয়ার বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু ট্রান্সফরমারের সংকট থাকায় নতুন ট্রান্সফরমার পেতে দেরি হয়েছে।

Read full story at source