পূর্বঘোষণা ছাড়াই তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সেবার মান বাড়ানোর নির্দেশ

· Prothom Alo

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিদর্শনে গিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

Visit extract-html.com for more information.

আজ শনিবার বিকেলে পূর্বঘোষণা ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও থানা পরিদর্শনে যান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ও অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মো. শফিকুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসনব্যবস্থা, মেসের খাবারের সার্বিক মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের রাত্রিকালীন দায়িত্ব ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন এবং তাঁদের অভিযোগগুলো দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রত্যেক মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকেরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন—আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

প্রশাসনিক কারণ দেখিয়ে তেজগাঁও ও পল্টন থানার ওসিকে প্রত্যাহার

Read full story at source