মেয়েদের জীবনে যোগব্যায়ামের চর্চা খুবই প্রয়োজন

· Prothom Alo

চট্টগ্রামের নারীদের এক ছাতার নিচে আনতে যাত্রা শুরু এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন She-E-O এর। উদ্দেশ্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের এক জায়গায় আনা। নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যস্ত দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

তারই ধারাবাহিতকায় চট্টগ্রামের নারীদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার সঙ্গে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী উইমেন বাই উইমেন কর্মসূচি। এর অংশ হিসেবে ২১ আগস্ট অনুষ্ঠিত হয় ওয়াক ম্যারাথন, এবং পরদিন ২২ আগস্ট অনুষ্ঠিত হয় ইয়োগা অ্যান্ড গ্র্যাটিটিউড সেশন। দুই দিনের এই কর্মসূচিতে বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Visit newsbetsport.bond for more information.

ওয়াক ম্যারাথন

প্রথম দিন শুক্রবার সকালে বিভিন্ন বয়সের নারীরা একত্র হয়েছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চট্টেশ্বরী ক্যাম্পাসের সামনে। ‘উইমেন বাই উইমেন ওয়াক ম্যারাথন’ শিরোনামে চট্টেশ্বরী থেকে যাত্রা শুরু হয়ে কাজীর দেউড়ি, নেভাল অ্যাভিনিউ হয়ে সিআরবিতে গিয়ে শেষ হয় এই ম্যারাথন। শেষে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি একে অন্যের সম্পর্কে জানা এবং নতুন নেটওয়ার্ক তৈরির সুযোগ পান।

সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা অংশগ্রহণকারী শিক্ষার্থী রোকসানা জাহান তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘আজ নতুন মানুষদের সঙ্গে পরিচয় হতে পেরে দারুণ একটা সময় কেটেছে। অনেক কিছু জানার এবং শেখার সুযোগ হয়েছে। ক্যারিয়ার নিয়ে সিনিয়রদের দিকনির্দেশনা আমাকে সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নিতে অনেকটা সহজ করে দেবে।’

আয়োজনে অংশ নেওয়া নারীরা

কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার সকালে চট্টগ্রামের ডিসি হিলের সবুজ ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত হয় ইয়োগা অ্যান্ড গ্র্যাটিটিউড সেশন। ব্যস্ত দৈনন্দিন জীবনের বাইরে গিয়ে কিছুটা সময় নিজেকে দেওয়ার জন্য এই সেশনের আয়োজন করা হয়। শরীর, মন ও অনুভূতিগুলোকে অনুভব করার চেষ্টা করেন অংশগ্রহণকারীরা। প্রকৃতির মধ্যে যোগব্যায়ামের মাধ্যমে সতেজ নিশ্বাস, শরীরের ভারসাম্য ও মানসিক প্রশান্তির চর্চা করেন তাঁরা। সেশনের বিশেষ একটি অংশ ছিল গ্র্যাটিটিউড প্র্যাকটিস। এতে নিজেদের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়— নিজের শরীর ও সত্তা, প্রকৃতি এবং জীবনের গুরুত্বপূর্ণ মানুষ ও সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘মেয়েদের জীবনে যোগব্যায়ামের চর্চা খুবই প্রয়োজন। সপ্তাহে অন্তত একটি দিন এ ধরনের উদ্যোগের মাধ্যমে নিজের জন্য সময় বের করা উচিত। এতে শরীর ও মন দুটোই পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়।’

ওয়াক ম্যারাথন

She-E-O এর প্রতিষ্ঠাতা সদস্য ইফফাত মাহজাবিন বলেন, ‘মেয়েরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে, সেই ভাবনা থেকেই বন্ধুসভার সঙ্গে এই আয়োজনে যুক্ত হওয়া। চট্টগ্রাম বন্ধুসভার সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে দুই দিনের আয়োজনটি আমরা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।’

আয়োজকদের আরেকজন জানান নারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং, সুস্থতা ও মানসিক প্রশান্তির চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। দুই দিনের কর্মসূচির মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা যেমন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন, তেমনি নিজেদের শরীর ও মনের যত্ন নেওয়ার বিষয়েও সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা

Read full story at source