ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জে দুই এসি ল্যান্ডসহ ১৮ জনকে নোটিশ

· Prothom Alo

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়ম পাওয়ার অভিযোগে দুই সহকারী কমিশনারসহ (ভূমি) ১৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের শহরের খানপুর এলাকায় ভূমি অফিস পরিদর্শনের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Visit rouesnews.click for more information.

নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার ও ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। এ ছাড়া কানুনগো, সার্ভেয়ারসহ ১৬ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আজ সোমবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খানপুরে অবস্থিত সদর উপজেলা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকা এবং উপস্থিত না থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ করা হয়েছে।’

আজ সকাল সাড়ে আটটার দিকে ওই ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিদর্শনের সময় তিনি কার্যালয় ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব জনগণকে সেবা দেওয়া। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থেকেও হাজিরা দিয়ে দিলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি অফিসের হাজিরা খাতায় কর্মকর্তাদের আগাম স্বাক্ষর পেলেন প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক রায়হান কবির জানান, সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি এবং জনগণকে যথাযথ সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ দর্শানোর জবাব, সিসি ক্যামেরার ফুটেজসহ তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source