চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
· Prothom Alo
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
Visit cat-cross.com for more information.
আরিফুল খাগড়াছড়ির বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের মূল ফটকের পাশে একটি ছোট কক্ষের ওপর উঠে ব্যানার লাগাচ্ছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মমতাজ রেশেদা চৌধুরী বলেন, প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ১০০ দিনে ১০০০ কিলোমিটার দৌড়ের চ্যালেঞ্জ নিয়েছিলেন। তাঁকে নিয়ে করা একটি ব্যানার লাগানোর জন্য হলের গেটের ওপর উঠেছিলেন আরিফুল। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রথমে তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছিল। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জানানো হয়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো তাঁর মৃত্যু হয়েছে।
আরিফুলের সঙ্গে থাকা প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির ইসলাম বলেন, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের গেটের পাশে একটি ছোট কক্ষের ওপর উঠেছিলেন আরিফুল। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে মেডিক্যাল সেন্টারে আনা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।