১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

· Prothom Alo

যাত্রা শুরুর ১৬ বছরে নিজেদের তৈরি ১৪ কোটি ফিচার ও স্মার্টফোন বিক্রি করেছে দেশি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল। ১৪ কোটি ফোন বিক্রির এই সাফল্য উদ্‌যাপন করতে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে সিম্ফনির ১৪ কোটিতম ক্রেতার মাইলফলকের কাছাকাছি থাকা তিন ব্যক্তিকে থাইল্যান্ড ও ভারত ভ্রমণের সুযোগ করে দিয়েছে সিম্ফনি।

অনুষ্ঠানে জানানো হয়, সিম্ফনি মোবাইলের ১৪ কোটিতম ক্রেতা হয়েছেন ময়মনসিংহের মাহফুজা খান। তিনি বিনা খরচে ব্যাংকক ভ্রমণের সুযোগ পাবেন। তার আগের দুজন ক্রেতা ফরিদপুরের রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার বিনা খরচে ভারত ভ্রমণ করতে পারবেন।

Visit extonnews.click for more information.

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘২০০৯ সালের জুন-জুলাই মাসে টিউশনি করে টাকা জমিয়ে আমি সিম্ফনি ফোন কিনেছিলাম। আমার প্রথম স্মার্টফোন সিম্ফনি।’

এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাই এই অর্জনের মূল শক্তি। ভবিষ্যতেও গ্রাহকের প্রয়োজন এবং নতুন প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে সিম্ফনি ও এডিসন গ্রুপ এগিয়ে যেতে চায়। বিশ্বজুড়ে দাম বাড়লেও আমরা গ্রাহকদের সাধ্যের মধ্যে মোবাইল ফোন দেওয়ার চেষ্টা করছি। ২০২২ সালে আমরা নেপালে মোবাইল ফোন রপ্তানি করেছিলাম, কিন্তু পরে বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার সেই সমস্যাগুলো দূর করেছে, আমরা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আবার রপ্তানি কার্যক্রম শুরু করব।’

২০০৮ সালে ‘নিউ এক্সপেরিয়েন্স’ স্লোগান নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে সিম্ফনি মোবাইল। এরপর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এডিসন গ্রুপ। এর পর থেকে প্রতিষ্ঠানটির অধীনেই দেশের বাজারে কার্যক্রম পরিচালনা করছে সিম্ফনি মোবাইল। শুরু থেকেই তুলনামূলক কম দামে বিভিন্ন ফিচার ও স্মার্টফান বাজারে আনার ওপর গুরুত্ব দিয়ে আসছে সিম্ফনি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দ্রুতগতির সংযোগ এবং আধুনিক স্মার্টফোন প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাই এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য তুলনামূলক কম দামে প্রয়োজনীয় প্রযুক্তিনির্ভর স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে সিম্ফনি বাংলাদেশ।

Read full story at source