খুঁজতে খুঁজতে মা গিয়ে দেখেন, পুকুরে ভাসছে আদরের সন্তান
· Prothom Alo

দুপুরে উঠানে খেলছিল দুই বছরের শিশু সাফওয়ান ইসলাম। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খুঁজতে বের হন মা। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন, পানিতে ভাসছে তাঁর আদরের সন্তান। আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সাফওয়ান উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকার শাকিল ইসলাম ও রেজওয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে আছে।
Visit afnews.co.za for more information.
শিশুটির পরিবারের সদস্যের বরাত দিয়ে ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগম বলেন, দুপুরে শিশু সাফওয়ানের দাদা-দাদি ও বাবা বাড়িতে ছিলেন না। দুই ছেলেমেয়েকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্নাঘরে কাজ করছিলেন মা রেজওয়ানা আক্তার। কিছুক্ষণ পর ছেলে সাফওয়ানকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন তিনি। এ সময় খুঁজতে খুঁজতে বাড়ি পাশের গোরস্তান পার হয়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন, সাফওয়ান পুকুরের পানিতে ভাসছে।
এ সময় চিৎকার দিয়ে শিশুটিকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন রেজওয়ানা। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় শিশুটিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পুকুরের পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।